২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনেভা ক্যাম্পে আটকেপড়া পাকিস্তানীদের আত্মাহুতির হুমকি, পুলিশ নেতাদের সাথে বৈঠকে বসেছে

পুলিশের বাধার মুখে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আটকেপড়া পাকিস্তানী নাগরিকরা গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতির কর্মসূচি পালন করতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2006, 12:38 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত মহানগর পুলিশের ডিসি (পশ্চিম) কোহিনুর মিয়ার সাথে আটকেপড়া পাকিস্তানী নেতাদের বৈঠক চলছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার রাতে সময়সীমা শেষ হওয়ার আগে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে প্রায় ২৫ থেকে ৩০ জন আটকেপড়া পাকিস্তানী নারী, পুরুষ ও শিশু গায়ে কাফনের কাপড় পরে গায়ে আগুন দিয়ে আত্মাহুতির প্রস্তুতি নিতে থাকে। এ সময় তাদের হাতে কেরোসিন ও মোমবাতি ছিল।

খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এলাকায় যান এবং সেখানে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও দমকল বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

অতিরিক্ত পুলিশ দেখে বিক্ষুব্ধ আটকেপড়া পাকিস্তানী নাগরিকরা জেনেভা ক্যাম্পের ভেতরে চলে যায় এবং ক্যাম্পের তিনটি কলাপশিবল গেট বন্ধ করে দেয়। সেখানেই তারা মিছিল করতে থাকে।

তবে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা স্থানীয় মসজিদের মাইক থেকে বিক্ষোভকারিদের কর্মসূচি বন্ধ করে তাদের নেতাদের আলোচনায় বসতে বলেন। পুলিশের আহ্বানে সাড়া তাদের নেতারা আত্মাহুতির কর্মসূচি বন্ধ করে পুলিশের সাথে বৈঠক বসেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিসি কোহিনুরের সাথে তাদের বৈঠক চলছিল।

সূত্র জানায়, জেনেভা ক্যাম্পের অবস্থানরত আটকেপড়া পাকিস্তানীরা তাদের ফেরত পাঠানো, ক্যাম্পে গ্যাস, পানি ও বিদ্যুতের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।

তাদের ঘোষণা করা কর্মসূচি অনুযায়ী বুধবার রাত ১২টা পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়ার সময়সীমা ছিল।