বার্ড ফ্লু নিরাময়ের ওষুধ বাজারে ছেড়েছে বেক্সিমকো ফার্মা
ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড মানব শরীরে বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক ও রোগ নিরাময়ের জন্যে ওসিফ্লু ক্যাপসুল নামে একটি ওষুধ বাজারজাত করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, ৭৫ মিগ্রা. ওসিল্টামিভির--এর সমন্বয়ে তৈরি ক্যাপসুলটি মহামারী আকারে ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে কার্যকর। এছাড়া এটি রোগের লক্ষণসমূহের তীব্রতা ও স্থায়িত্ব কমানোর পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার মাধ্যমে সৃষ্ট জটিলতা হ্রাস করে এবং মৃত্যুহার কমায়।
বেক্সিমকো ফার্মার একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ওসিল্টামিভির ব্যবহার নিরাপদ এবং এর কার্যকারিতার জন্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী আকারে ইনফ্লুয়েঞ্জার বিস্তার কমাতে এ ওষুধ অনুমোদন করে।
বেক্সিমকো ফার্মার নতুন ওষুধ ওসিফ্লু বাজারজাত করা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত বার্ড ফ্লু ভাইরাস সনাক্ত না হলেও পার্শ্ববর্তী দেশ ভারত ও মায়ানমারে এ রোগের ব্যাপক বিস্তারের কারণে বাংলাদেশেও এই ভাইরাস ছড়ানোর ঝুঁকি রয়েছে।
এছাড়া জাতিসংঘের বিভিন্ন সংগঠন বাংলাদেশে এই মরণব্যাধির অশংকাজনক পরিণতির ব্যাপারে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বলে তিনি জানান।
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু পশুপাখীর একটি সংক্রামক রোগ, যা ভাইরাসের মাধ্যমে ছড়ায় এবং বিশেষত পাখি প্রজাতি এতে আক্রান্ত হয়। কিন্তু এই ভাইরাস মানব শরীরে বিস্তৃত হয়ে মৃত্যু পর্যন্ত ঘটায়। সাধারণত যারা পোল্ট্রির কর্মকাণ্ডের সাথে যুক্ত, তাদের মধ্যে এই ভাইরাস ছড়ানোর আশঙ্কা বেশি।
দৈনন্দিন জীবনে কিছু সাধারণ নিয়মাবলী অনুসরনের মাধ্যমে এই বার্ড ফ্লু এড়ানো যায় বলেও বেক্সিমকো ফার্মা সূত্রে জানানো হয়। এগুলো হলো-- মুরগী এবং ডিম পর্যাপ্ত তাপে (৭০ ডিগ্রী সে.) সিদ্ধ করে খাওয়া, হিমায়িত করার আগে মুরগী এবং ডিম ধোয়া, হাত, বাসন--কোসন ইত্যাদি ভালভাবে সাবান ও গরম পানিতে ধোয়া, হাঁস--মুরগীর খামার থেকে বাচ্চাদের দূরে রাখা ইত্যাদি। এছাড়া বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার আশংকা দেখা দিলেও ভীত না হয়ে ৪৮ ঘন্টার মধ্যে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং উপযুক্ত ওষুধ সেবন করতে হবে।
এদিকে চিকিৎসকদের বার্ড ফ্লু সংক্রান্ত তথ্য প্রদানের জন্যে বেক্সিমকো ফার্মা বার্ড ফ্লু হটলাইন চালু করেছে। এই লাইন দিন রাত খোলা থাকবে।
