শায়খ রহমানকে নতুন করে ১০ দিনের রিমান্ডে, “জাগতিক আদালতে কোনও বক্তব্য দেবো না”
দেশজুড়ে হাইকোর্ট প্রাঙ্গনে গত ১৭ আগস্ট বোমা হামলার মামলায় জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানকে আবারও ১০ দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে। এ সময় শায়খ আদালতকে বলেন “আমি কোন জাগতিক আদালতে বক্তব্য দেবো না, আবেদন করবো না অথবা আইনগত কোন পদক্ষেপ নেব না”।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বুলেট প্র“ফ জ্যাকেট পরিয়ে কড়া নিরাপত্তার মধ্যেদিয়ে শায়খ আবদুর রহমানকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। এর আগেও তাকে ১৭ আগস্ট হোটেল শেরাটনের সামনে বোমা হামলার মামলায় ১০ দিনের রিমাণ্ডে নেওয়া হয়।
আদালতে ম্যাজিষ্ট্রেট শফিক আনোয়ারের এক প্রশ্নের জবাবে শায়খ রহমান বলেন, “আমি কোন জাগতিক আদালতে বক্তব্য দেবো না, আবেদন করবো না অথবা আইনগত কোন পদক্ষেপ নেব না”।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর মশিহুর রহমান হাইকোর্ট প্রাঙ্গনে বোমা হামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমাণ্ড চাইলে ম্যাজিষ্ট্রেট রাষ্ট্রপক্ষের শুনানী শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
১৫ মিনিটের মধ্যে মামলার কার্যক্রম শেষে কড়া র্যাব প্রহড়ায় শায়খ আবদুর রহমানকে নিয়ে আদালত প্রাঙ্গন ত্যাগ করা হয়।
শায়খ রহমানকে তার দুই সহযোগীসহ ২ মার্চ সিলেট থেকে আটক করা হয়।
জেএমবি’র সেকেন্ড-ইন-কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে ৬ মার্চ মুক্তাগাছা থেকে গ্রেপ্তারের পর টাস্কফোর্স ইন্টেলিজেন্স কাস্টডিতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
সূত্র জানায়, ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা সহ সকল বোমা হামলার ঘটনায় সারা দেশের বিভিন্ন থানা এবং আদালতে অন্ততপক্ষে ২২৯টি মামলা দায়ের করা হয়েছে।
এই সব মামলার মধ্যে পাঁচ শীর্ষ নেতা সহ ৬৩১ জনের নামে অন্ততপক্ষে ১২৫টি মামলার চার্জশীট তৈরি করা হয়েছে।
জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের বিরুদ্ধে ৫২ টি, বাংলা ভাইয়ের বিরুদ্ধে ৪৮টি এবং আতাউর রহমান সানির বিরুদ্ধে ২৮টি মামলা দায়ের করা হয়েছে।
পরে আদালত ঝালকাঠী, ঝিনাইদহ, পিরোজপুর, সিলেট এবং কিশোরগঞ্জের অন্তত পাঁচটি মামলার রায় দেন।
