পুলিশি নির্যাতনের শিকার শান্তার বিরুদ্ধে ভাংচুর ও বোমাবাজির মামলা
নির্মম পুলিশি নির্যাতনের শিকার শাহীন সুলতানা শান্তাকে পিকেটার হিসেবে উল্লেখ করে গাড়ি ভাংচুর, বোমাবাজি এবং দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির অভিযোগ এনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
ধামরাই-গুলিস্থান রুটের যাত্রীবাহী একটি বাসের চালক জসিমউদ্দিন মোল্লা বৃহ্স্পতিবার ঢাকা মহানগর মূখ্য হাকিম (সিএমএম) আদালতে এই মামলা দায়ের করে।
রাজধানীর তুরাগ থানা এলাকায় বসবাসকারি চালক জসিমের বাড়ি শরীয়তপুরের সরকারকান্দির সখিপুরে।
মামলার এজাহারে জসিম অভিযোগ করেন, ১২ মার্চ বিরোধী দলের নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে তিনি নারায়নগঞ্জ-জ-০৪-০১৫২ নম্বর বাস চালিয়ে ধামরাই থেকে গুলিস্থানের উদ্দেশ্যে আসছিলেন।
ঘেরাও কর্মসূচীর কারণে প্রধান সড়ক বন্ধ থাকায় ধানমন্ডি ২৭ নং সড়ক দিয়ে প্রধান সড়কে পৌছানোর চেষ্টা করেন। এ সময় জেনেটিক্স প্লাজা শপিং কমপ্লেক্সের সামনে তিনি প্রায় এক থেকে দেড়শো নারী পুরুষকে লাঠিশোঠা হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন।
তিনি গাড়ি ঘুরিয়ে বিপরীত দিকে নেওয়ার চেষ্টা করলে জেনেটিক প্লাজার সামনে গাড়ির পেছনে ইটের আঘাত ও ককটেলের শব্দ পেয়ে গাড়ি থামিয়ে দেন। এ সময় বিশ থেকে পঁচিশ জন তার গাড়ি ঘিরে ফেলে লাঠি, বাঁশ ও ইট পাটকেল দিয়ে বাসটি ভাংচুর করে।
হামলায় লাল শাড়ি, চোখে চশমা ও পায়ে কেডস পরিহিত এক মহিলা নেতৃত্ব দেয় বলে বাদী অভিযোগ করে।
অভিযোগে বলা হয়, হামলায় চালক ও সহকারিসহ বাসের প্রায় একশ যাত্রী আহত হয়। পরে বাদী টেলিভিশনে শান্তার ছবি দেখে তার নাম পরিচয় জানতে পারে।
মামলার শুনানী শেষে ম্যাজিস্ট্রেট সৈয়দ মুজিবুল হক ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনার পূর্ণ তদন্ত করে এজাহার হিসেবে গ্রহনের নির্দেশ দেন। মামলায় সাক্ষী হিসেবে ছয় জনের নাম উল্লেখ করা হয়।
