ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলার চার্জশীট প্রদান
ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় জেএমবি’র প্রধান শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ নয়জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এএসপি মুন্সি আতিকুর রহমান বুধবার আদালতে এই চার্জশীট দাখিল করেন।
পুলিশ সুপার জানান চার্জশীটে আরও যাদের নাম রয়েছে তারা হলো, জেএমবি’র সামরিক কমান্ডার আতাউর রহমান সানি, সূরা সদস্য আব্দুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ, সংশ্লিষ্ট বোমা হামলাকারী ইফতেখার হোসেন আল মামুন, সুলতান হোসন খান, আসাদুল ইসলাম ওরফে আরিফ এবং আত্মঘাতি বোমা হামলায় নিহত মোল্লা ওমর।
এছাড়া আরও চারজনের নাম ঠিকানা সঠিক না জানায় তাদের চার্জশীটে অন্তর্ভূক্ত করা হয়নি।
এই প্রথমবারের মত শীর্ষ নেতাদের বিরুদ্ধে সরাসরি হত্যার অভিযোগে চার্জশীটে নাম অন্তর্ভূক্ত করা হলো। চার্জশীটে দন্ডবিধির ১২০ বি, ৩০২, ৩২৬, ৪২৭ এবং ৩২ ধারায় অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৪ নভেম্বর ঝালকাঠিতে বিচারক বহনকারী মাইক্রোবাসে জেএমবি’র আত্মঘাতি বোমা হামলায় দুই সিনিয়র জজ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে নিহত হন। এসময় সুইসাইড স্কোয়াডের সদস্য মামুন আহত হয়।
ওই দিনই জেলা জজ আদালতের ড্রাইভার সুলতান হোসেন বাদি হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি মামলা দায়ের করেন।
