পুলিশি নির্যাতনের শিকার শান্তা এবার চুরি ও চাঁদাবাজি মামলার আসামি
পুলিশের নির্মম নির্যাতনের শিকার শাহীনা সুলতানা শান্তা ও তার স্বামীকে এবার চুরি ও চাঁদাবাজির মামলার আসামি করা হয়েছে। বুধবার ঢাকার সিএমএম আদালতে তাদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।
শান্তা ও তার স্বামী অ্যাডভোকেট আতিয়ার রহামানসহ চারজনের বিরুদ্ধে মামলা দুটি করেন কল্যাণপুরের ব্যবসায়ী মো. ফিরোজ এবং মোহাম্মদপুর সাত মসজিদ রোডের দাউদ আহমেদ।
ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান বাদিদের বক্তব্য শুনে মিরপুর ও মোহাম্মদপুর থানার ওসিদেরকে ঘটনার সত্যতা যাচাই এবং তদন্ত করে এজাহার হিসাবে গণ্য করার নির্দেশ দেন।
মামলায় বলা হয়েছে, গত ১১ মার্চ পূর্ব পরিচয়ের সূত্র ধরে শান্তা এবং তার স্বামী বাদির কাছ থেকে এক লাখ টাকা চাঁদা চায় এবং বাদী ভয়ে তাৎক্ষণিকভাবে তাদেরকে ২০ হাজার টাকা দেয়। অপর মামলার আরজিতে বলা হয়, শান্তা ও তার স্বামী বাদী ফিরোজের বাসায় গিয়ে ভয় দেখিয়ে ৪৫ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়।
এর আগে গত সোমবার শান্তা শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ এনে ঢাকা মহনগর পুলিশের দুই উপ-কমিশনার সহ পুলিশের উর্ধ্বতন আরও কয়েকজনের বিরুদ্ধে ঢাকার দুইটি আদালতে মামলা দায়ের করেন।
