২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় সীমান্তে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে বিডিআর-বিএসএফ গুলি বিনিময়

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পঞ্চগড় সীমান্তে নদীতে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে পাঁচ শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করেছে। বুধবার সকাল পর্যন্ত এ ঘটনায় মীরগড় সীমান্ত ফাঁড়ির বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যরাও প্রায় একশ’ রাউন্ড পাল্টা গুলিবর্ষণ করে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরকালে পঞ্চগড় জেলার মীরগড় বোদাপাড়া এবং এর বিপরীতে ভারতের গোয়ালগছ সীমান্ত এলাকায় এই গুলিবিনিময়ের ঘটনা ঘটলো।

এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর বুধবার বিডিআর কর্তৃপক্ষ প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহবান জানিয়েছে।

বিডিআর ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সীমান্ত এলাকার বোদা পাড়ায় পানি উন্নয়ন বোর্ডের আওতায় করতোয়া নদীতে বাঁধ নির্মাণের জন্যে ব্লক ডাম্পিংয়ের কাজ চলছিল। এসময় ভারতীয় গোয়ালগাছ সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা অতর্কিতে বাঁধ এলাকা লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এসময় আত্মরক্ষার্থে বিডিআর--ও গুলিবর্ষণ করে।

সূত্র আরো জানায়, গুলিবর্ষণের পর বিডিআর বিএসএফ উভয়ই সীমান্তে নিজেদের সৈন্য সংখ্যা বাড়িয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে।

পঞ্চগড় ২২ রাইফেলস ব্যাটেলিয়নের উপ--অধিনায়ক মেজর খিজির খান সীমান্তে গোলাগুলির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে করতোয়া নদীর তিনশ’ মিটার এলাকায় তীর সংরক্ষণের জন্যে বাঁধ নির্মাণের কাজ চলছিল। এর আগেও বিএসএফের বাধার করণে এ নদীতে বাঁধ নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়।