বিশ্বের ১১০ কোটি মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত, দুই - তৃতীয়াংশই এশিয়ায়: পানি দিবসের সেমিনারে তথ্য
বিশ্বের প্রায় ১১০ কোটি মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। সুবিধা বঞ্চিত মানুষের দুই - তৃতীয়াংশই এশিয়া মহাদেশের।
প্রতি বছর বিশ্বের প্রায় ২২ লাখ মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত হয়ে ডায়রিয়া, কলেরাসহ বিভিন্ন রোগে মারা যায়। শুধুমাত্র বাংলাদেশেই মারা যায় এক লাখ ১০ হাজার মানুষ। এদের মধ্যে ৯০ শতাংশই শিশু।
বুধবার বিশ্ব পানি দিবস উপলক্ষে ঢাকার আইডিবি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এ তথ্য দেওয়া হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই), ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রোগ্রাম (ডব্লিউএসপি) ও এনজিও ফোরাম যৌথভাবে ‘পানি ও সংস্কৃতি ঃ আমাদের বাস্তবতা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
ডিপিএইচই’র প্রধান প্রকৌশলী খোরশেদ আলমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডুয়াংভাদি সুংখোবোল, ইউনিসেফের কর্মকর্তা পল এডওয়ার্ডস, ডব্লিউএসপির দলনেতা শফিউল আজম আহমেদ, ইউএনআইসি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আলী রেজা, এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এসএমএ রশিদ ও ডিপিএইচই’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমানুল্লাহ আল মাহমুদ।
সেমিনারে বলা হয়, বিশ্বে ডায়রিয়ায় শিশু মৃত্যুর হার বাড়লেও বাংলাদেশ স্বাস্থ্য খাতে উন্নতি করছে। দেশের স্যানিটেশন ব্যবস্থা গত দুই বছরে ৩৪ শতাংশ থেকে ৬৮ শতাংশে উন্নীত হয়েছে। যা ২০১০ সালের মধ্যে শতভাগ অর্জিত হতে পারে। এতে ডায়রিয়া নিরসনসহ স্যানিটেশনে ২৬ শতাংশ উন্নতি এবং মৃত্যুর হার ৬৫ শতাংশ হ্রাস পেতে পারে।
স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, বাংলাদেশে বর্তমানে পানি সমস্যা প্রকট। বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ৫৪টি নদীর মধ্যে ৫২টির উজানে ভারত বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে বাংলাদেশ শুস্ক মৌসুমেও পর্যাপ্ত পানি পাচ্ছে না। এতে সকল নদ - নদী শুকিয়ে যাচ্ছে। আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে বিভিন্ন এলাকা বন্যা কবলিত হচ্ছে।
তিনি বলেন, সরকার এ অবস্থা থেকে উত্তরণে ভারতের সাথে আলোচনা করে যাচ্ছে।
এছাড়াও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পানি দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচী গ্রহন করেছে।
দিনের কর্মসূচীতে কেন্দ্রীয় পর্যায়ে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেলা, বিভাগ ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি দিনব্যাপী খোলা ট্রাকে পথসভা ও গণসঙ্গীতের আয়োজন করে। কারওয়ান বাজারের ওয়াসা ভবন চত্বরসহ রাজধানীর ১০টি স্থানে এ পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতিসংঘ সমিতি বিকেলে কাকরাইলের স্কাউট ভবনের শামস হলে একটি সিম্পোজিয়ামের আয়োজন করেছে।
অঙ্গীকার বাংলাদেশ পানি দিবস উপলক্ষে টিপাইমুখ বাঁধ বাতিলের দাবীতে হাইকোর্ট মাজার গেটে এক জমায়েতের আয়োজন করে।
