২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসটিআইতে সাংবাদিক নিষিদ্ধ!

বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) ভেজাল বিরোধী অভিযান ছাড়া অন্য কোনো অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত সংবাদ পরিবেশনকারি সাংবাদিকদের বিএসটিআইতে প্রবেশ নিষিদ্ধ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 07:06 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

মঙ্গলবার বিডিনিউজের এ প্রতিবেদক বিএসটিআই থেকে পণ্যের গুণগত মানের সনদ প্রদানে অর্থ নেওয়া এবং পণ্যের গুণগত মান ঠিক রাখতে যথাযথ মনিটরিং না করার কারণ জানতে চাইলে মহাপরিচালক (ডিজি) এবিএম আবদুল হক চৌধুরী একথা জানান।

ব্যবসায়ীদের অভিযোগ, বিএসটিআইতে পণ্য পরীক্ষা করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এরপরও পণ্যের গুণগত মানের সনদ নিতে ২০ থেকে ৫০ হাজার টাকা খরচ করতে হয়।

এ বিষয়ে ডিজি বলেন, জনবল সংকটের কারণে বিভিন্ন কাজের জন্য কিছুটা সময় লাগে। তবে এজন্য কোনো টাকা পয়সার লেনদেনের বিষয় আমার জানা নেই।

তিনি আরো বলেন, ভেজাল পণ্য মনিটরিং করা শুধুমাত্র বিএসটিআই’র কাজ নয়। এজন্য পুলিশেরও দায়িত্ব রয়েছে।

তিনি অভিযোগ করেন, পুলিশের বিরুদ্ধে ভেজাল পন্য বিক্রেতাদের কাছে থেকে টাকার বিনিময়ে সহযোগিতা করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

সুত্র জানায়, মহাপরিচালকের নির্দেশ ছাড়া বিএসটিআই থেকে কোনো পণ্যের বাজারজাত এবং গুণগত মানের সনদ দেওয়া হয় না। এরপরও প্রতিটি সনদ পেতে ২০ থেকে ৫০ হাজার টাকা খরচ করতে হয়। এ অর্থ না দিলে সময়মত সনদ পাওয়া যায় না। উপরন্তু নানা হয়রানির শিকার হতে হয় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।

মঙ্গলবার বিএসটিআই চত্বরে মান পরীক্ষার জন্য নিয়ে যাওয়া বিপুল পরিমান বিভিন্ন শ্রেনীর পণ্য পড়ে থাকতে দেখা যায়।

জসিমউদ্দিন নামের এক ব্যবসায়ী জানান, দুটি পণ্যের পরীক্ষার জন্য দু’বার পরীক্ষার নির্ধারিত ফি দেওয়া হয়েছে। এখন ল্যাবের লোকজনকে টাকা না দেওয়ায় তারা পরীক্ষা করতে বিলম্ব করছে।