হরতাল কর্মসূচিতে হামলার অভিযোগে আইজিপিসহ উর্ধ্বতন পুলশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা
র্যাবের ক্রসফায়ারে নিহত সাভারের যুবলীগ নেতা ইমান আলী হত্যার প্রতিবাদে ১৩ মার্চে’র হরতালসহ বিভিন্ন কর্মসূচীতে হামলার অভিযোগে আইজিপিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঢাকার সিএমএম আদালতে মঙ্গলবার মহিলা যুবলীগের তিন নেত্রী ফরিদা ইয়াসমিন ঝুমা, আসমা আক্তার লুনা এবং সাবিনা আক্তার তুহিন বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলো পুলিশের আইজিপি আব্দুল কাইয়ূম, অতিরিক্ত আইজি (হেড কোয়ার্টার) আনোয়ারুল ইকবাল, অতিরিক্ত আইজি (এসবি) ফকরুল আহমেদ, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)’র ডিজি আব্দুল আজিজ সরকার, ডিএমপি পুলিশ কমিশনার মিজানুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ, উপ - পুলিশ কমিশনার (পশ্চিম) কোহিনূর মিয়া, উপ - পুলিশ কমিশনার (উত্তর) মাজাহারুল হক এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর রহমানসহ বেশ কয়েকজন এসআই ও কনস্টেবল।
মামলায় যুবলীগ নেত্রী ঝুমা অভিযোগ করেন, ১২ মার্চ ১৪ দলের ডাকা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচীতে অংশ নিতে যাওয়ার পথে ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের সামনে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া, মাজহারুল হক ও শাহিনুর রহমানের নেতৃত্বে পুলিশ মহিলা যুব লীগের মিছিলে হামলা চালায়। বিনা উস্কানিতে পুলিশের হামলায় এসময় সংগঠনের নেতাকর্মীসহ নিরীহ পথচারীরাও আহত হয়।
যুবলীগ নেত্রী লুনা তার আরজিতে বলেন, ১৩ মার্চ তাদের শান্তিপূর্ন মিছিল কর্মসূচীতে রাসেল স্কয়ার থেকে শমরিতা হাসপাতালের সামনের রাস্তায় একই অভিযুক্তরা হামলা করে।
তুহিন তার অভিযোগে, একই স্থানে একই সময় একই অভিযুক্তদের নিষ্ঠুর হামলার কথা উল্লেখ করেন।
ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান তিন জনের জবানবন্দী নিয়ে, তিন মামলাতেই সরকারি অনুমোদন সাপেক্ষে আগামী ৩ এপ্রিল আদেশের জন্যে দিন ধার্য করেন।
