২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীতিমালা ও জনবল কাঠামো অনুমোদন না হওয়ায় কাজ শুরু করতে পারছে না দুর্নীতি দমন কমিশন

বারবার প্রস্তাব পাঠানোর পরও সরকারের সংশ্লিষ্ট দপ্তর স্বাধীন দুর্নীতি দমন কমিশনের (এসিসি) প্রয়োজনীয় নীতিমালা ও জনবল কাঠামো অনুমোদন করছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 06:21 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

এদিকে প্রতিশ্র“তি অনুযায়ী অর্থমন্ত্রীর পক্ষ থেকে দুই মাসেও এসিসির চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খানের সাথে কমিশন সদস্য মনিরুজ্জামান মিয়ার মতবিরোধ নিরসনে কোনো উদ্যোগ নেয়া হয়নি।

ফলে দুর্নীতি রোধের জন্যে গঠিত দুর্নীতি দমন কমিশন দীর্ঘ দেড় বছরেও আনুষ্ঠানিকভাবে কোনো কার্যক্রম শুরু করতে পারেনি। লোকবলের অভাবে চলতি সপ্তাহ থেকে বিভিন্ন সরকারি কার্যালয়ে বিশেষ অভিযানও শুরু করা যায়নি।

এ ব্যাপারে কমিশনের চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান বিডিনিউজকে জানান, সরকার থেকে প্রয়োজনীয় নীতিমালা ও জনবল কাঠামো অনুমোদন না হওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না।

তিনি জানান, সরকারের সংশ্লিষ্ট দপ্তরে কয়েক দফায় প্রায় এক হাজার ১৫০ জনের জনবল কাঠামো ও খসড়া নীতিমালা পাঠানো হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর থেকে ওই কাঠামো ও নীতিমালার কোনোটিই এখনো অনুমোদন পায়নি। ফলে লোকবলের অভাবে কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারছে না।

বিচারপতি সুলতান হোসেন খান জানান, প্রাথমিকভাবে সরকার যে জনবল কমিশনকে দিয়েছে, তার থেকে যাচাই বাছাই করে কিছু লোককে নেয়া হয়েছে। তাদের মধ্য থেকেই দক্ষ ও যোগ্য কর্মকর্তার নেতৃত্বে একটি বিশেষ টিম গঠনের কাজ চলছে। টিমটি আগামী সপ্তাহের মধ্যে কাজ শুরু করবে। অভিযান শুরুর আগে বিজ্ঞাপন দিয়ে জনগণকে জানানো হবে।

কমিশন সূত্রে জানা যায়, স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনের পর এর জনবল কাঠামো ও নীতিমালা প্রণয়ন নিয়ে কমিশনের তিন নির্বাহী কর্মকর্তার মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়।

কমিশনের সদস্য অধ্যাপক মনিরুজ্জামান মিয়া একটি প্রস্তাব তৈরি করে কমিশনে জমা দিলেও তার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়নি। কমিশন থেকে ওই প্রস্তাবের পরিবর্তে পৃথক দুটি প্রস্তাব পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ ওই দুটি প্রস্তাবের কোনোটিই অনুমোদন না দিয়ে কালক্ষেপণ করে চলেছে।

সূত্র জানায়, কমিশন গঠনের প্রায় দেড় বছর পরও আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে না পারায় কমিশনের চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান ও অপর সদস্য মনিরউদ্দিন আহমেদ প্রাথমিকভাবে কিছু কাজ শুরু করার উদ্যোগ নেন। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে মোট ৪৫টি অভিযোগ বাছাই করা হয়। ইতোমধ্যে ২০টি অভিযোগ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সম্প্রতি আরো ১০টি অভিযোগের তদন্ত শেষে মামলা দায়ের করা হয়েছে। বাকী অভিযোগগুলোর তদন্ত চলছে।

সূত্র আরো জানায়, মামলা দায়েরের পর নীতিমালা না থাকায় আদালতে মামলার কার্যক্রম স্থগিত হয়ে যাচ্ছে। ফলে কমিশন নতুন করে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলছে।

সূত্র জানায়, প্রয়োজনীয় নীতিমালা ও জনবল কাঠামো অনুমোদন এবং কমিশনের দুই প্রধান নির্বাহীর মধ্যে মতবিরোধ নিরসনে গত ২৯ জানুয়ারি দাতা সংস্থা ও দায়িত্বশীলদের এক বৈঠকে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। ৭ ফেব্র“য়ারির মধ্যে তিনি এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার প্রতিশ্র“তি দিলেও দুই মাসেও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়া হয়নি।