কুষ্টিয়ায় আটক সোয়া কোটি টাকার মাদকদ্রব্য বিনষ্ট করা হয়েছে
কুষ্টিয়া জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আটককৃত প্রায় সোয়া কোটি টাকার মাদকদ্রব্য সোমবার বিনষ্ট করা হয়েছে।
শহরের কালেক্টরেট চত্বরের দক্ষিণ--পশ্চিমে বিশালাকার গর্ত করে সোমবার এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য নষ্ট করা হয়। এ দৃশ্য দেখার জন্য কালেক্টরেট চত্বরে লোকজন ভীড় জমায়। ম্যাজিস্ট্রেট শান্তি মনি চাকমা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক এবং অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
নষ্ট করে দেওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩৩ হাজার ৫৫৭ বোতল ফেন্সিডিল, ১০৭ বোতল ভারতীয় বাংলা মদ, রেক্টিফাইড স্পিরিট ২০০ বোতল, হান্টার ১০ বোতল, গাঁজা গাছ ৯৬০ টি এবং এক হাজার ৫০০ কেজি গাঁজা। বিনষ্টকৃত মাদ্রকদ্রব্যের বর্তমান বাজারমূল্য প্রায় সোয়া কোটি টাকা বলে জানা গেছে।
পানীয় মাদকদ্রব্য বিশালাকার গর্তে বোতল ভেঙে ফেলে দেওয়া হয় এবং গাঁজা পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ, বিডিআর এবং মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন সময়ের অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
