সিরাজগঞ্জে গণপিটুিনতে ডাকাত সর্দার নিহত
সিরাজগঞ্জ সদর উপজেলার বিয়ারঘাটে মঙ্গলবার সকালে গণপিটুনিতে এক নৌ ডাকাত নিহত হয়েছে।
নিহত ডাকাতের নাম মোহাম্মদ সামাদ আলী ওরফে সামান।
পুলিশ জানায়, এএসপি সার্কেল শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার সদর উপজেলার যমুনা চরাঞ্চলের বড় পিয়ারী ও ছোট পিয়ারী গ্রামে অভিযান চালিয়ে নৌ ডাকাত সামানকে ধরে ফেলে।
এসময় স্থানীয় জনতা পুলিশের হাত থেকে সামানকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ আরো জানায়, নিহত সামানের বিরুদ্ধে সদর, কাজীপুর, চৌহালী, বেলকুচী ও টাঙ্গাইলের ভূঁঞাপুর থানায় পুলিশ হত্যাসহ ৫/৬টি ডাকাতি মামলা রয়েছে।
এছাড়া সে সদর উপজেলায় বেশ কয়েকটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
