২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জের বামনী নদীতে ডাকাতি, গুলিবিদ্ধ ৩, ৫ ডাকাত আটক

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী বামনী নদীতে সোমবার সন্ধ্যায় ডাকাতিকালে ডাকাতদের গুলিতে তিনজন মারাত্মক আহত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

এদিকে বিক্ষুব্ধ জনতা পাঁচ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে রাত ৮টার দিকে পুলিশের কাছে সোপর্দ করেছে।

আটককৃত ডাকাতরা হচ্ছে, জাহাঙ্গীর (২৮), দিদার (২৫), রাশেদ (২২), সিরাজ (২০) এবং এরশাদ (২১)।

পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহতরা হচ্ছেন - আব্দুস সাত্তার (৩৫), জসিমউদ্দিন (২৪) ও সবুজ (৩০)।

পুলিশের এসআই জহুর এলাহী ও নূর হোসেন জানান, উড়ির চর থেকে ১৬০ বস্তা খেসারি ডালসহ ট্রলারযোগে ক্লোজার ঘাট এলাকায় আসার পথে ডাকাতরা ট্রলারে আক্রমণ করে বেপরোয়া গুলি ছুড়ে। তারা ট্রলার যাত্রী সেলিম, কালাম, বাশার, আলম, মান্নান, হোসেন, কামাল এবং দুলালকে মারধর করে নদীতে ফেলে দিয়ে প্রায় দু’লাখ টাকার মালামাল লুট করে।

এ ঘটনায় গুলিবিদ্ধ ট্রলার মালিক আব্দুস ছাত্তার থানায় ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।