অধ্যাপক জাহান ই গুলশান ইডেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
ইডেন মহিলা কলেজে ছাত্রী আন্দোলনের ১২ দিনে অধ্যক্ষ ফিরোজা বেগমকে অপসারণের পর সোমবার ভাইস প্রিন্সিপাল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহান ই গুলশান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
কলেজে ছাত্রীদের ওপর ছাত্রদলের হামলার ব্যাপারে নতুন অধ্যক্ষ বলেন, তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের পর শিক্ষক পরিষদের সাথে আলোচনা করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এদিকে ছাত্রীরা তাদের দাবী পুরোপুরি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা করেছে।
২২ মার্চ সকাল সাড়ে ১০টায় ইডেন কলেজের সামনে আন্দোলনকারী ছাত্রীরা মানববন্ধন কর্মসূচী ঘোষণা করেছে।
জাহান ই গুলশান বলেন, তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী যদি বহিরাগত ছাত্রদল নেত্রী এবং ছাত্রদল নেত্রীদের হলে সিট ব্যবসা প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, ব্যক্তিগতভাবে আমিও অবৈধ সিট ব্যবসা চাইনা। অনেকে রয়েছে ডাবল এমএ করে ফলে অনেকদিন থাকতে হয়।
এদিকে সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণকে তাদের আন্দোলনের আংশিক বিজয় মনে করছেন। তারা তাদের ৬ দফা দাবী মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে আন্দোলনরত ছাত্রীরা।
তারা আরো জানায়, তাদের ওপর হামলাকারীদের শাস্তি এবং হলে হলে অবৈধ সিট ব্যবসা বন্ধ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে।
এদিকে সোমবার কলেজে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসময় একজন ভূয়া পরীক্ষার্থীকে পুলিশ আটক করেছে। সোমবারও কলেজে কোনো ছাত্রদল নেত্রীদের দেখা যায়নি।
