কক্সবাজারে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৮ জনকে ফাঁসির আদেশ
কক্সবাজারের চাঞ্চল্যকর ওয়াইস্কা ম্যানগ্রোভ রিফোর্সট্রেশন প্রজেক্ট কর্মকর্তাদের ডাকাতি ও প্রজেক্টের ম্যানেজার সাইফুল ইসলাম চৌধুরী হত্যা মামলায় ৮ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার বেলা সাড়ে ১২টায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোতাজিদুর রহমান জনাকীর্ণ আদালতে এই রায় দেন।
মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত ৮ জনের মধ্যে ৪ জন জেলহাজতে আটক এবং অপর ৪ জন পলাতক রয়েছে। মৃত্যুদন্ডাদেশ প্রাপ্তরা হলো চকরিয়া উপজেলার পালাকাটা গ্রামের সুলতানিয়াপাড়ার জিয়াবুদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন, আবদুল গনির ছেলে গিয়াস উদ্দিন, কবির আহমদের ছেলে ইসহাক, আবুল শামার ছেলে নুর আলম, পালাকাটা গ্রামের খোন্দকারপাড়ার মৃত নুরুল কবিরের ছেলে হেলাল উদ্দিন, পালাকাটা গ্রামের সুলতান মাঝি পাড়ার আবদুল শুক্কুরের ছেলে লালু, জহির আহমদের ছেলে শফিক ও মহেশখালী উপজেলার মাতারবাড়ি রাজঘাট এলাকার মফজল আহমদের পুত্র কামাল হোসেন প্রকাশ গুন্ডাইয়া। দন্ডাদেশপ্রাপ্ত শেষোক্ত ৪ জন পলাতক আছে।
১৯৯৬ সালের ২৬ আগষ্ট সকালে চকরিয়ার উপকূলীয় এলাকা ইলিশিয়ার ওয়াইস্কা ম্যানগ্রোভ রিফোর্সট্রেশন প্রজেক্টের ম্যানেজার সাইফুল ইসলাম চৌধুরীসহ কয়েকজন কর্মকর্তা ১১ জন জাপানী মহিলা ও ৮ জন জাপানী পুরুষ প্রতিনিধি নিয়ে বড় ইঞ্জিনচালিত বোটে চকরিয়ার ডেবডেবি থেকে নদী পথে কক্সবাজার শহরে আসার পথে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের শাপলাপুরের কাছাকাছি মুখবেকি নামক এলাকায় জলদস্যুদের কবলে পড়েন। এসময় জলদস্যুরা স্পিডবোট নিয়ে প্রতিনিধি দলের ইঞ্জিনচালিত বোটে উঠে বোটের গতিরোধ করে এবং জলদস্যুরা গভীর প্যারাবনের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালায়। এসময় জলদস্যুরা ইঞ্জিন বোটের চালক সৈয়দ আহমদকে গুলি করে মারাত্মক ভাবে আহত করে এসময় নিহত সাইফুল ইসলাম চৌধুরীর আপন ভাই আবু তাহের চৌধুরী লাইসেন্সধারী বন্দুক থেকে গুলি করলে শুরু হয় জলদস্যুদের সাথে বন্দুক যুদ্ধ। এঘটনায় প্রজেক্ট ম্যানেজার সাইফুল ইসলাম চৌধুরী মারা যান এবং সাইফুল ইসলাম চৌধুরীর ভাইপো নুরুল বশর বাচ্চু গুলিবিদ্ধ হন। একই সময়ে ওয়াইস্কা প্রজেক্ট কর্মকর্তাদের লাইসেন্সধারী বন্দুকের গুলিতে ডাকাত নুর মোহাম্মদ ও দেলোয়ার গুরুতর আহত হয়। পরে ডাকাতরা পালিয়ে যাওয়ার পর গোপনে হাসপাতালে নেয়ার পথে ডাকাত নুর মোহাম্মদ মারা যায়।
এ ঘটনায় ওয়াইস্কা প্রজেক্ট কর্মকর্তা ও ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হোসাইন বাদী হয়ে ৮ জনকে আসামী করে মহেশখালী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশী তদন্ত শেষে ২০০২ সালের ৩ জানুয়ারী এজাহারনামীয় ৮ আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়। বিচারক মোঃ মোতাজিদুর রহমান ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে দন্ডবিধির ৩৯৬ ধারায় ডাকাতির চেষ্টাকালে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ফৌজদারী দন্ডবিধির ৩৬৮ ধারার বিধান মতে মৃত্যু না হওয়া পর্যন্ত রশিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেন। রোববার দুপুর সাড়ে ১২টায় এই আদেশ প্রদানকালে আদালতে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত ৪ আসামী দেলোয়ার হোসেন, গিয়াস উদ্দিন, ইসহাক ও নুর আলমকে আদালত এজলাসে হাজির করা হয়।
বিচারক মামলার রায়ের গুরুত্বপূর্ণ অংশ আদালতে পড়ে শোনান। এসময় দন্ডাদেশপ্রাপ্ত আসামীদের মধ্যে কোন প্রতিক্রিয়া দেখা যায়নি। তারা ভাবলেসহীন ভাবে দাঁড়িয়ে ছিল।
সরকার পক্ষে এই মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট সৈয়দ আলম আর আসামীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোঃ শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুল হক।
