২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শান্তার মামলা

নির্যাতনকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলেন শাহীন সুলতানা শান্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 05:51 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

ঢাকার চতুর্থ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুজিবুল কামাল রোববার মামলাটিতে বাদীর বক্তব্য শুনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে বিচার বিভাগীয় তদন্ত করে সাত দিনের মধ্যে রিপোর্ট দাখিলের জন্যে ঢাকার সিএমএম আদালতকে নির্দেশ দিয়েছেন।

মামলায় পুলিশের ঢাকা দক্ষিণের উপ - কমিশনার মাজাহারুল হক, পশ্চিমের উপ - কমিশনার কোহিনুর মিয়া ও কনস্টেবল রুহুল আমিনের নাম উল্লেখ করে ২০/২৫ জন অজ্ঞাতনামা পুলিশ সদস্যকে আসামী করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, ১৪ মার্চ বাদী তার ছেলেকে স্কুল থেকে আনতে গেলে রাস্তায় হরতালের জন্যে গোলমাল দেখে রাপা প্লাজা’র কাছে প্যানিসিয়া ক্লিনিকে অবস্থান করেন। দুপুর সাড়ে ১২টায় পুরুষ ও মহিলা পুলিশের একটি দল তাকে টেনে হিঁচড়ে সেখান থেকে বের করে নিয়ে এসে পিকেটার বলে মারধোর করতে থাকে।

পুলিশ কর্মকর্তা কোহিনুর এবং মাজাহারুল এর নির্দেশে তাকে গাড়িতে তোলা হয়। তিনি অন্ত:সত্ত্বা জানালে নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয়।

বাদী আদালতে ডাক্তারি সার্টিফিকেট জমা দিয়েছেন।

তিনি আরো জানান, সিএমএম আদালতে দায়ের করা মামলা তুলে নিতে তাকে টেলিফোনে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার আগে তিনি ঢাকার সিএমএম আদালতে একই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছিলেন।