২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার ছাড়া অবাধ নির্বাচন সম্ভব নয়, সরকারকে অবশ্যই দাবী মানতে হবে : ফ্লোরিডায় শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 03:32 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

আমেরিকার ফ্লোরিডায় স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধুর ৮৭তম জন্মদিন উপলক্ষে স্থানীয় শেরাটন হোটেলে ‘জাতীয় শিশু দিবসের’ আলোচনা সভায় শেখ হাসিনা বলেন, ভোট কারচুপির মাধ্যমে আবার ক্ষমতায় আসতে চায় বলে বিএনপি - জামাত জোট সংস্কার প্রস্তাব মানতে চায় না। এ কারণে তারা নানা ধরণের টালবাহানা শুরু করছে। কিন্তু জোট সরকারকে এ দাবী অবশ্যই মানতে হবে। দেশের জনগণ তা মানতে বাধ্য করবে।

তিনি বলেন, ১৪ দলের ঘোষিত সংস্কার বাস্তবায়ন ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। ইতোমধ্যে সংস্কার প্রস্তাব দেশবাসীর দাবীতে পরিনত হয়েছে। জনতার এই দাবি আমরা আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ্।

শেখ হাসিনার সফরসঙ্গী ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ - সম্পাদক আবদুস সোবহান গোলাপ রোববার টেলিফোনে বিডিনিউজ’কে এ তথ্য জানান।

শেখ হাসিনা তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাস এবং বঙ্গবন্ধুর অবদান ও ত্যাগের কথা তুলে ধরেন। 

তিনি বলেন, দেশে আজ এমন এক শক্তি ক্ষমতায় যারা স্বাধীনতা মানে না। তারা মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে বিকৃত করছে। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চায় তারা। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে তারা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন ও শক্তির ওপর আঘাত হানছে।

জোট সরকারের পতন এবং সংস্কারসহ দাবী আদায়ের লক্ষ্যে প্রবাসী বাঙালিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অপশক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আওয়ামী লীগ সভানেত্রী দেশের সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, জোট সরকারের অত্যাচার নির্যাতনে মানুষ অতিষ্ট। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, হত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদের সৃষ্টি ও লালন পালন এবং দুর্নীতি দলীয়করণে অতিষ্ট দেশবাসী ওদের আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না। দেশবাসী এ অবস্থার পরিবর্তন চায়। জোট দুঃশাসন থেকে মুক্তি চায়।

তিনি বলেন, উগ্র সাম্প্রদায়িক জঙ্গিরা বিএনপি - জামাত জোটেরই সৃষ্টি। সরকারের আশ্রয় প্রশ্রয় ও মদদে তারা স্বাধীনতা, স্বার্ভভৌমত্ব, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির ওপর একের পর এক হামলা চালিয়ে দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে।

শেখ হাসিনা বলেন, দেশবাসী ও বিশ্ববাসীর চাপে সরকার এখন তাদের লালিত পালিত সন্ত্রাসীদের গ্রেপ্তার নাটক করছে। জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের নামে জামাই আদরে রেখেছে। 

ফ্লোরিডা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্লোরিডা কেন্দ্রীয় শাখার সভাপতি  ডা: আমিনুল হক।

আলোচনায় অংশ নেন : আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ এমপি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি  সজীব ওয়াজেদ জয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি খন্দকার খালিদ হাসান, সহ সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, কানাডা শাখার সভাপতি সরওয়ার হোসেন, স্থানীয় নেতা আইয়ুব খান, কামাল হোসেন ভুঁইয়া, যুক্তরাষ্ট্র জাসদ সভাপতি মোসাব্বির আহমেদ প্রমূখ।

ক্রিষ্টিন জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও মাশরুর হোসেন মিতু ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।