বগুড়ায় বিভিন্ন ব্যানারে জেএমবি’র তৎপরতা অব্যাহত
নিষিদ্ধ ঘোষিত ইসলামি জঙ্গি সংগঠন (জেএমবি)’র শীর্ষ দুই নেতা শায়খ আব্দুর রহমান এবং বাংলা ভাই গ্রেপ্তার হলেও উত্তরাঞ্চলীয় জেলা বগুড়ায় বিভিন্ন ব্যানারে জেএমবি তাদের সাংগঠনিক তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, বগুড়ায় শীর্ষ পর্যায়ের শতাধিক জেএমবি’র জঙ্গি নেতা থাকলেও পুলিশ সদর দপ্তরের তালিকায় রয়েছে ৪০ জন এবং ১৭ আগস্ট বোমা হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছে মাত্র ১০ জন।
বগুড়ার গাবতলীর পাচ মাইল নিশিন্দারা এলাকার শায়খ আব্দুর রহমানের ফুপাসহ শীর্ষ স্থানীয় আরও জঙ্গি নেতা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এই এলাকায় জেএমবি’র বিশাল অস্ত্রের চালান মজুদ রয়েছে বলে অনেকের ধারণা।
গাবতলীর এক সাবেক ইউপি সদস্যের অফিস থেকে পুলিশ জেএমবি’র লিফলেটসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে।
বগুড়ায় জেএমবি’র তৎপরতা অব্যাহত থাকলেও সেখানে আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গি গ্রেপ্তারে বড় ধরনের কোন অভিযান পরিচালনা করেনি।
তথ্যানুসন্ধানে জানা যায়, বগুড়ার গাবতলী উপজেলা, সারিয়াকান্দি উপজেলা, সোনাতলা উপজেলা, শাহজাহানপুর, শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় জেএমবি’র সাংগঠনিক তৎপরতা ছিল সবচেয়ে শক্তিশালী।
