২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পুলিশের এনকাউন্টারে চরমপন্থি কমান্ডার নিহত

খুলনার খানজাহান আলী থানার মুন্সি আলী প্রাথমিক বিদ্যলয় মাঠে রোববার ভোরে পুলিশের এনকাউন্টারে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এক কমান্ডার নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 10:02 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

নিহত কমান্ডারের নাম মুকুল ভূঁইয়া ওরফে ওয়াজেদ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার টুথপাড়ায় শনিবার অভিযান চালিয়ে ওয়াজেদকে গ্রেপ্তার করা হয়।

ওয়াজেদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য মুন্সি আলী বিদ্যলয় মাঠে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ওয়াজেদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় ওয়াজেদ পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশ জানায়, ওয়াজেদের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যাসহ সাতটি মামলা রয়েছে।