২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে অনির্দিষ্ট সংখ্যক ফ্লাইট পরিচালনায় প্রস্তাব দিয়েছে ভারত

নয়াদিল্লি বেসরকারি বিমান চলাচলের ক্ষেত্রে ঢাকাকে বড় ধরনের একটি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে ভারতের ছয়টি বড় শহরে প্রতি সপ্তাহে সাতটি ফ্লাইট এবং এর বাইরে ১৮টি পর্যটন কেন্দ্রে ইচ্ছেমাফিক সংখ্যক ফ্লাইট পরিচালনার জন্যে বাংলাদেশী এয়ারলাইন্সকে অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফরিদ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

এদিকে ভারতও একই সুবিধা বাংলাদেশের কাছে চেয়েছে।

উচ্চপদস্থ সূত্র জানায়, ভারত সরকার বাংলাদেশ সরকারকে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি দিয়েছে। এতে বলা হয়েছে, প্রস্তাবটি কার্যকর হলে ফ্লাইট পরিচালনা সক্ষমতা, ফ্লাইট সংখ্যা ও সার্ক অঞ্চলের ভেতরে ‘ফিফথ ট্রাফিক ফ্রিডম’ অধিকার রক্ষিত হবে।

ঢাকায় ২০০৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ত্রয়োদশতম শীর্ষ সম্মেলনে দেওয়া ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশকে প্রস্তাবটি দেওয়া হয়েছে।

সূত্র জানায়, ভারত বিষয়টি সম্পর্কে আগ্রহী হওয়ায় মনমোহন সিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মধ্যে নয়াদিল্লিতে ২১ মার্চ আসন্ন বৈঠকের সময় বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনদিনের সরকারি সফরে ২০ মার্চ ভারত যাচ্ছেন।

প্রস্তাবে বলা হয়েছে, একইভাবে ভারতের বিমান সংস্থা ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতি সপ্তাহে ৬১টি ফ্লাইট পরিচালনা করবে।

বাংলাদেশের সিভিল এভিয়েশন সূত্র জানায়, নিঃসন্দেহে এ--টি একটি ভাল প্রস্তাব। এর ফলে বাংলাদেশের জনগণ তুলনামূলক সস্তায় ভারতীয় এয়ারলাইন্সের বিমান সেবা পাবে। কিন্তু সংখ্যায় কম হওয়ায় এ--টি বাংলাদেশী এয়ারলাইন্সের ব্যবসার ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব বয়ে আনবে।

প্রস্তাবটি বাস্তবায়িত হলে কীভাবে বাংলাদেশী এয়ারলাইন্সের জন্যে চ্যালেঞ্জের বিষয় হিসেবে দেখা দেবে, এ সম্পর্কে প্রশ্ন করা হলে বেসরকারি বিমান পরিচালনা সংস্থা জিএমজি এয়ারলাইন্সের বিজয় আলরেজা কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রস্তাব অনুযায়ী, ভারত বাংলাদেশকে নয়াদিল্লি, কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই ও হায়দরাবাদের ছয়টি বড় মেট্রোপলিটন শহরে প্রতি সপ্তাহে সর্বোচ্চ সাতটির মতো ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিয়েছে।

তবে বাংলাদেশ বর্তমানে কলকাতায় প্রতি সপ্তাহে যে ২৬টি ফ্লাইট পরিচালনা করে, প্রস্তাবটি কার্যকর হলে বাংলাদেশ ও কলতাকার মধ্যকার ফ্লাইটের সংখ্যা কমে আসবে না। সেক্ষেত্রে ফ্লাইটের সংখ্যা আগের মতোই থাকবে।

প্রস্তাবে ভারত বাংলাদেশকে ১৮টি পর্যটন স্থানে ফ্লাইট পরিচালনার সুযোগ দেবে বলে উল্লেখ করেছে। পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে-- বারানসী, পাটনা, লক্ষ্মৌ, গোয়াহাটি, গয়া, জয়পুর, পোর্ট ব্লেয়ার, কোচিন, ভুবনেশ্বর, খাজুরাহো, আওরঙ্গবাদ, গোয়া, ত্রিভানাথপুরম, কালিকট, অমৃতসর, বিশাখাপট্টম, আহমেদাবাদ এবং টিরুচিরাপালি।

তবে বাংলাদেশকে ভারতের প্রস্তাবিত ১৮টি পর্যটন কেন্দ্রে ফ্লাইট পরিচালনার সুযোগ নিতে হলে বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোতে ইচ্ছেমাফিক আসন নিয়ে ফ্লাইট পরিচালনা করতে ভারতকে সুযোগ দিতে হবে বলে প্রস্তাবে বলা হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের এয়ারলাইন্স ‘ফিফথ ট্রাফিক ফ্রিডম’ চলাচল অধিকার ভোগ করতে পারে। এর আওতায় নিজের দেশে তো বটেই, সার্কের ভেতরেও ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে উভয় পক্ষ এ সুযোগকে কাজে লাগাতে পারবে।

‘ফিফথ ট্রাফিক ফ্রিডম’ অধিকারের আওতায় একটি বিমান কোনো একটি দেশ থেকে অপর দেশে অবতরণ করে সেখানে থেকে যাত্রী নিয়ে তৃতীয় দেশে যেতে পারে।

সিভিল এভিয়েশনের একজন কর্মকর্তা বলেন, এ ধরনের স্বাধীনতাকে কখনো কখনো অধিকারবহির্ভূত হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।

প্রস্তাবে বাংলাদেশ সম্মত হলে, বিমানের ফ্লাইট পরিচালনার ব্যাপারে বাংলাদেশ ও ভারতের বিমান সংস্থাগুলোর মধ্যে নতুন কোনো বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের প্রয়োজন হবে না।

সার্ক শীর্ষ সম্মেলনে ড. মনমোহন সিংয়ের প্রস্তাবের পর ঢাকা ঘোষণায় বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সার্ক নেতৃবৃন্দ আঞ্চলিক পরিবহন ও যোগাযোগ সংযোগ শক্তিশালী করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন।

কূটনীতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নয়াদিল্লি সফরের সময় অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যুর মধ্যে বহুমুখী পরিবহন যোগাযোগ ইস্যুটি দুই নেতার বৈঠকে বিশেষভাবে উত্থাপিত হতে পারে।