২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইডেন কলেজে আন্দোলনরত ছাত্রীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ২২ মার্চ শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট

ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে আন্দোলনরত ছাত্রীদের ওপর ছাত্রদল সন্ত্রাসীদের অবৈধ সিট বানিজ্য ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ছাত্রলীগ নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদ ২২ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে। তবে চলমান এসএসসি পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত থাকবে বলে ঘোষণা করা হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

শনিবার পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী ছাত্র সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে দুপুর সাড়ে ১২টায় ইডেন কলেজ অভিমুখে রওনা দিলে পুলিশ নীলক্ষেতে তাদের বাধা দেয়। পরে সেখানেই ছাত্রলীগের সভাপতি লিয়াকত সিকদারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচী ঘোষণা করা হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, জাসদ ছাত্রলীগের (স্ব-ত) সাধারণ সম্পাদক আলী হাসান তরুণ প্রমুখ। সমাবেশে বক্তারা অধ্যক্ষের অপসারন, অবিলম্বে হল খুলে দিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, হামলাকারী ছাত্রদল নেত্রীদের শাস্তি, পুলিশের নীরব ভূমিকার জন্যে বিভাগীয় তদন্ত ও মেধার ভিত্তিতে সিট বন্টনের দাবী জানায়।

এদিকে শনিবার বিকেল ৩ টায় প্রীতিলতা সংসদ ইডেন কলেজ শাখা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে ৩দিনের কর্মসূচী ঘোষণা করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংগঠনিক সম্পাদক অরণী হক মল্লিক অভি। কর্মসূচীর মধ্যে রয়েছে ২৩ মার্চ বিকেল ৫টায় ঢাবির স্বোপার্জিত স্বাধীনতায় সমাবেশ, ২৫ মার্চ বিকেল ৫ টায় মুক্তাঙ্গনে মানববন্ধন এবং ২৭ মার্চ সকাল ১০টা থেকে ১২ পর্যন্ত ইডেন কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট।

লিখিত বক্তব্যে ছাত্রীদের ৬ দফা দাবি মেনে নিয়ে কলেজে শিক্ষার স্বাভাবিক পরিবেশ চালু, অধ্যক্ষ ও হল সুপার জুলেখা খাতুনের অপসারণ, সিট বানিজ্য নিয়ে সংঘটিত ঘটনার তদন্ত করে গনমাধ্যমে প্রকাশ এবং জড়িতদের শাস্তি, হামলাকারী ছাত্রদলনেত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আবাসন সংকট নিরসনে নতুন হোস্টেল নির্মান, সিট বন্টনের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নও বাস্তবায়নের দাবি জানানো হয়।

ইডেন কলেজে আন্দোলনের ১১তম দিনে শনিবার কলেজে মাস্টার্সের প্রস্তুতিমূলক ভাইভা, বিসিএস পরীক্ষা এবং বিভিন্ন বিভাগের প্র্যাকটিকেল ক্লাস অনুষ্ঠিত হয়েছে।  তবে অনেকেই ভয়ে মাস্টার্সের প্র¯তুতিমূলক ভাইভায় অংশগ্রহণ করতে পারেননি বলে জানান। আবার ছাত্রদল সন্ত্রাসীরা হামলা করতে পারে বলে সাধারণ ছাত্রীদের আশংকা। কলেজ ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে শনিবার ছাত্রদল নেত্রীদের কলেজ ক্যাম্পাসে দেখা যায়নি।

৮ মার্চ থেকে কলেজের খোদেজা খাতুন হলে(পুরাতন হল) ছাত্রদল নেত্রীদের অবৈধ সিট বানিজ্য এবং বৈধ ছাত্রীদের হল থেকে বের করে দেওয়াকে কেন্দ্র করে এ আন্দোলনের সূত্রপাত ঘটে। কর্তৃপক্ষের হল ত্যাগের ঘোষণায় গত সোমবার বিকেল ৪টা থেকে মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত ছাত্রীরা বাইশ ঘন্টা কলেজের সামনে আজিমপুর সড়ক অবরোধ করে রাখে। অবশেষে মঙ্গলবার ছাত্রদলের ক্যাডারদের হামলায় ছাত্রীরা হল ছাড়তে বাধ্য হয়।