ময়মনসিংহে জেএমবির মজলিশ -ই- সুরার ৭ সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা দায়ের
অবশেষে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) প্রধান আব্দুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড জঙ্গি সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ মজলিশ-- ই-- সুরার ( সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটি) সাত সদস্যের বিরুদ্ধে ময়মনসিংহের আমলি আদালতে রাষ্ট্রদ্রোহীতার মামলা দায়ের করা হয়েছে।
মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুবুর রহমান বাদী হয়ে দ্বিতীয় আমলি আদালতে মজলিশ-ই- সুরার সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা দায়ের করেন।
আব্দুর রহমান ও বাংলা ভাই ছাড়া অন্যান্য অভিযুক্তরা হলেন-- জেএমবি’র সামরিক কমান্ডার আতাউর রহমান সানি, আবদুর রহমানের জামাতা ও রাজশাহী বিভাগীয় কমান্ডার আব্দুল আওয়াল, হাফেজ মাহমুদ ওরফে রকিবুল হাসান, খালেদ সাইফুল্লাহ এবং সালাউদ্দিন। তাদের মধ্যে সাইফুল্লাহ ও সালাউদ্দিন পলাতক রয়েছে।
বাংলাদেশ দন্ডবিধির ১২০/বি থেকে ১২৪(ক) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে ওই ধারায় উল্লেখিত শাস্তি মোতাবেক তাদের সর্বোচ্চ শাস্তি হবে।
মামলা দায়েরের পর শুনানি শেষে আদালত বাদী ওসি শেখ মাহবুবুর রহমানকে মামলার তদন্তভার প্রদান করেন।
সূত্র জানায়, দেশের বিভিন্ন আদালতে তাদের বিরুদ্ধে আরো মামলা দায়ের করা হবে।
উল্লেখিত ধারার আওতায় রাষ্ট্রদ্রোহী মামলা খুবই স্পর্শকাতর। জেএমবি যে অপরাধ কার্যক্রম চালিয়েছে, তাতে করে তারা দেশের সংবিধান ও বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে বলে বিশেষজ্ঞরা জানান।
জেএমবি দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা চালিয়ে কমপক্ষে ১৪৮ জনকে হত্যা ও এক হাজারের বেশি লোককে আহত করেছে। আহতদের মধ্যে অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন বলে জানা গেছে।
