২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ: বৃহস্পতিবার রাজধানীতেই ঘাটিতি ছিলো ১১০০ মেগাওয়াট

বৃহস্পতিবার নতুন করে আরো একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় রাজধানীসহ সারা দেশে বিদ্যুৎ সংকট প্রকট আকার ধারন করেছে। ঢাকার নয়া পল্টন, কাররাইল, কাওরান বাজার, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে ১ ঘন্টা পরপর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থেকেছে দেড় থেকে দুই ঘন্টা করে। রাজধানী ঢাকাতেই বৃহস্পতিবার পিক আওয়ারে বিদ্যুৎ ঘাটতি ছিল প্রায় ১১০০ মেগাওয়াট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 09:40 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

১৫ দিনের মধ্যে তিন দফা বন্ধ হয়ে যাওয়া হরিপুর ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বৃহস্পতিবার উৎপাদনে আসলেও বন্ধ হয়ে গেছে ঘোড়াশাল ৪ নং ইউনিটের ২১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। কারিগরি ত্র“টির কারণেই এ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে পিডিবি সূত্র। এদিকে রাউজান বিদ্যুৎ কেন্দ্র বৃহস্পতিবার ৩০ মেগাওয়াট বিদ্যুৎ কম সরবরাহ করেছে। উৎপাদনে ফিরে আসেনি টঙ্গী বিদ্যুৎ কেন্দ্র।

পিডিবি সূত্র জানায়, সারাদেশে বুধবার বিদ্যুতের চাহিদা ছিল ৪৫০০ মেগাওয়াট । রাত ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে ২৯৩৯ মেগাওয়াট। বিদ্যুৎ ঘাটতি ছিল প্রায় ১৫৬০ মেগাওয়াট। এছাড়া বৃহস্পতিবার ঢাকায় চাহিদা ছিল ১৮০০ মেগাওয়াট এবং বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে ৮৯০ মেগাওয়াট।

এদিকে উলন-ধানমন্ডির বিদ্যুতের একমাত্র গ্রীড লাইনটি বন্ধ হয়ে যাওয়ায় পর এখনও লন্ডন থেকে প্রকৌশলী না আসায়  প্রায় এক সপ্তাহ ধরে প্রত্যেক এলাকায় অন্তঃত ৪ থেকে ৫ ঘন্টা করে সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। ডেসার চেয়্যারম্যান বলেছেন, মে মাসের আগে ঢাকার এই বিদ্যুৎ বিভ্রাট কমবে না। উলন-ধানমন্ডির দুটি গ্রীড লাইন ঠিক করতে আগামী ২ এপ্রিল লন্ডনের তিন প্রকৌশলী ঢাকায় আসছেন বলে ডেসা সূত্র জানায়।