২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ি কয়লা ইস্যু: আ’লীগ ও বিএনপি উভয় সরকারের শাস্তি দাবি করেছেন জ্বালানি উপদেষ্টা

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান ফুলবাড়ি কয়লার খনির উন্নয়নের জন্য বিদেশি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করে দেশকে ধ্বংস করার জন্য বিগত আ’লীগ এবং বিএনপি উভয় সরকারকে দায়ী করে জনগণের কাছে শাস্তি দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

বৃহস্পতিবার সাংবাদিকদের এক ব্রিফিং সেশনে তিনি ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের সাথে এশিয়া এনার্জির একটি নিলাম চুক্তির কপি দেখান এবং এটি ‘রাষ্ট্র বিরোধী’ হিসেবে উল্লেখ করে বলেন, এ চুক্তিই দেশের কয়লা রপ্তানির দরজা খুলে দেয়। এর জন্য দায়ীদের শাস্তি দাবি করেন জ্বালানি উপদেষ্টা।

এসময় একজন সাংবাদিক ১৯৯৮ সালের ওই চুক্তিটি ১৯৯৪ সালে তৎকালীণ বিএনপি সরকারের বিএইচপি বিলিটনের সাথে স্বাক্ষরিত চুক্তিরই বর্ধিতাংশ ছিলো কি না এমন প্রশ্ন করলে মাহমুদুর রহমান হ্যাঁবোধক উত্তর দেন।

তিনি আরও স্বীকার করেন যে, বিএইচপি বিলিটনের সাথে স্বাক্ষরিত চুক্তির পর এশিয়া এনার্জির সাথে স্বাক্ষরিত চুক্তিতে কোনও নতুন অনুচ্ছেদও যোগ করা হয় নি।

বিএনপি’র যারা এ রাষ্ট্র বিরোধী চুক্তিটি করেছেন তাদেরও তিনি শাস্তি দাবি করেন কি না এমন প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বলেনম অবশ্যই তাদেরও শাস্তি হওয়া উচিত।

সত্য কখনো চাপা থাকে না, তিনি বলেন।

১৯৯৪ সালে ড. খন্দকার মোশাররফ হোসেন জ্বালানিমন্ত্রী এবং ১৯৯৮ সালে অধ্যাপক রফিকুল ইসলাম জ্বালানি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ব্রিফিংকালে জ্বালানি উপদেষ্টা চুক্তির একটি ধারা পড়ে শোনান। “বিনিয়োগকারী কোনও কয়লা রপ্তানি করতে চাইলে, তার জন্যে কোনও রপ্তানি কর বা শুল্ক দেয়ার প্রয়োজন হবে না অথবা কোনও প্রশ্ন ছাড়াই তারা রপ্তানি করতে পারবে। মার্কিন ডলারে বিক্রয় মূল্যের ৬ শতাংশ হারে রয়্যালটি ধার্য্য করা হবে।

তিনি বলেন, যারা এ চুক্তির সাথে জড়িত ছিলেন তারা কয়লা রপ্তানির দ্বার উন্মুক্ত করে দিয়েছেন, বর্তমান সরকার এ জন্য দায়ী নয়। তারা এখন জাতিকে ভিন্ন পথে নিয়ে যেতে চাচ্ছে।

বাংলাদেশ এনার্জি রিপোর্টার্স ফোরামের (এফইআরবি) উদ্যোগে আয়োজিত এ ব্রিফিং সেশনে অপর এক প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বলেন এশিয়া এনার্জির সাথে স্বাক্ষরিত চুক্তিটিকে কেবল চুক্তির বাধ্যবাধকতার স্বার্থেই সম্মান দেখাতে হবে।

এফইআরবি’র চেয়ারম্যান মোল্লা আমজাদ হোসেন ও এর নির্বাহী পরিচালক মাহমুদ হাফিজ এসময় বক্তব্য রাখেন।