২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিস কোরের কার্যক্রম প্রত্যাহারে সরকার অসন্তুষ্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের পিস কোর বাংলাদেশে তাদের কার্যক্রম প্রত্যাহার করে নেয়ায় সরকারের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে পিস কোরের কার্যক্রম প্রত্যাহার সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, কার্যক্রম প্রত্যাহার গ্রহণযোগ্য নয়। শীর্ষ সন্ত্রাসীসহ ৭০০জন জঙ্গি সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর কেন এ ধরনের কার্যক্রম প্রত্যাহারের ঘটনা ঘটলো?

তিনি বলেন, নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ থেকে থাকলে পিস কোরের সদস্যরা কেন জঙ্গিদের গ্রেপ্তারের আগে কার্যক্রম প্রত্যাহার করেনি?

তিনি বলেন, পরিস্থিতির উন্নয়ন ঘটেছে বাইরে থেকে আরো বেশি লোকজন আসতে শুরু করেছে।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ পাঁচ জঙ্গিকে গ্রেপ্তারের পর বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকদের ওপর সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় বাংলাদেশে পিস কোরের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করে।

এ ব্যাপারে ঢাকায় মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের বিরাজমান নিরাপত্তা পরিবেশ সম্পর্কে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেই পিস কোর এ সিদ্ধান্ত নিয়েছে। কোনো হুমকি বা নির্দিষ্ট ঘটনার ওপর ভিত্তি করে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়নি।

এর আগে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বিডিনিউজকে বলেন, ভুল পরামর্শের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে তার পিস কোরের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, এটি শুনে আমরা অবাক হয়েছি। দেশ গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে এবং দারিদ্র্য নিরসনে আমরা সাধ্যমত চেষ্টা করছি। এ ধরনের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক এ ভুলসিদ্ধান্তপ্রসূত।

পররাষ্ট্র সচিব বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে কোনো বিদেশী নাগরিক জঙ্গি হামলার শিকার হননি। অন্য দেশের নাগরিকদের জন্যে সরকার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, শীর্ষ জঙ্গি নেতাদের গ্রেপ্তারের পর থেকে অনেক ইতিবাচক ঘটনা ঘটার পরও এ ধরনের সিদ্ধান্তের পেছনে সরকার কোনো কারণ খুঁজে পাচ্ছে না। তাছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় সরকারের উদ্যোগের প্রশংসা করেছে।

এদিকে পিস কোরের ৭১ জন স্বেচ্ছাসেবক মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। ইংরেজি ভাষা শিক্ষা এবং স্কুল--কলেজ, যুবকেন্দ্র, হাসপাতাল ও এনজিওদের জন্যে প্রশিক্ষণের ক্ষেত্রে তারা কাজ করেছেন।