২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীরা যৌক্তিক দাবি নিয়ে আসুক, আমি চলে যাবো: পদত্যাগ দাবি সম্পর্কে ইডেন কলেজ অধ্যক্ষ

ইডেন মহিলা কলেজের আন্দোলনরত ছাত্রীরা অধ্যক্ষের অপসারণ দাবি সম্পর্কে বৃহস্পতিবার অধ্যক্ষ ফিরোজা বেগম বলেছেন, সাধারণ ছাত্রীরা যদি বলে, তাহলে আমি পদত্যাগের কথা ভেবে দেখবো। তবে আমার মনে হয় না এমন কিছু ঘটেছে যে, আমাকে পদত্যাগ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 07:13 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ছাত্রীদের ছয় দফা দাবি এক দফা, অর্থাৎ অধ্যক্ষের অপসারণের দাবিতে পরিণত হওয়ার পর তিনি একথা বললেন।  

তিনি আরো বলেন, আমি সরকারি চাকরি করি। এখান থেকে চলে গেলে আমি অন্য কোথাও যাবো। সাধারণ ছাত্রীরা যৌক্তিক দাবি নিয়ে আসুক, আমি চলে যাবো।

তিনি ছাত্রদল নেত্রীদের হলে অবস্থানের কথা অস্বীকার করেন। তিনি আরো জানান, পরিবেশ আরেকটু স্বাভাবিক হলেই হল খুলে দেওয়া হবে। তখন মেয়েরা ফিরে আসলেই তদন্ত কমিটি কাজ শুরু করবে।

তিনি জানান, কলেজের পরিস্থিতি নিয়ে আট সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। এর প্রধান অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়দুন্নেছা লায়লা।                

 ইডেন কলেজে বৃহস্পতিবার শুধু নির্ধারিত পরীক্ষা এবং মাস্টার্সের কিছু বিশেষ ক্লাস হয়েছে। অন্য কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি। এছাড়া সকল ক্লাস ১৮ থেকে ২৯ মার্চ পর্যন্ত বিসিএস পরীক্ষার জন্যে স্থগিত বলে জানান অধ্যক্ষ ফিরোজা বেগম। তবে এ রকম কোনো নোটিশ সাধারণ শিক্ষার্থীরা পায়নি বলে ছাত্রীরা দাবি করেছে।

অধ্যক্ষ আরো বলেন, মঙ্গলবার কলেজে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অবশ্যই সে ব্যাপারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি সোমবার রাতে মেয়েদের রাস্তায় অবস্থান করা নিয়ে বলেন, হল খোলা ছিলো, তাদের বাইরে থাকার কোনো কারণ নেই। শিক্ষকরা ছাত্রীদের হলে ওঠার জন্যে বারবার অনুরোধ করলেও তারা কথা শোনেনি।

এদিকে ইডেন কলেজে ছাত্রদল নেত্রীদের ‘অবৈধ সিট বাণিজ্যকে’ কেন্দ্র করে ৮ মার্চ থেকে সাধারণ ছাত্রীদের অব্যাহত আন্দোলনের নবম দিনে ছাত্রদল নেত্রীরা সাংবাদিকদের কাছে তাদের বিরুদ্ধে আনা অস্বীকার করেছেন।

ছাত্রদল নেত্রীদের হলে থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, তারা সবাই এখন কলেজে এসেছেন মাস্টার্সের ভাইভা ক্লাস করতে। তারা হলে অবস্থান করছেন না।  

এসময় ছাত্রদল নেত্রী রুনা গাজী, রুমা,ফাহিমা আক্তার মুকুল, রূপালি উপস্থিত ছিলেন। ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল ইডেন কলেজে ছাত্রদলের কমিটি নেই বলে যে মন্তব্য করেছেন, এ ব্যাপারে রুনা গাজী বলেন, এখানে কমিটি না থাকলেও ছাত্রদল কর্মীরা রয়েছে। আমরা সময়মত কমিটি চাইবো।

তারা সাধারণ ছাত্রীদের প্রহারের অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগ ও বামফ্রন্টের মেয়েরা নিজেরা মারামারি করে আহত হয়েছে। আমরা কেউ মারামারি করিনি, তাই আমাদের কেউ আহত হয়নি।

এদিকে ইডেন কলেজের এ ঘটনায় ছাত্রলীগ ১৮ মার্চ ইডেন কলেজ অভিমুখে মিছিল করার কর্মসূচি ঘোষণা করেছে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং প্রগতিশীল ছাত্রজোট এক বিবৃতিতে ইডেন কলেজের অধ্যক্ষের অপসারণ, কলেজ চালু এবং হামলাকারী ছাত্রদল-সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে। তারা সামগ্রিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের বিচার দাবি করেছে।