২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ৫ এনজিও কর্মী গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরে ঋণের কিস্তির টাকা বাকি পড়ায় এক গ্রাহকের বসতবাড়ি জোর করে ভেঙে নেওয়ার কারণে এনজিও ‘দ্বীপ’ এর পাঁচ কর্মকর্তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 09:01 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানায়, ‘সেন্টার ফর ডেভলোপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (দ্বীপ)’ নামের এনজিও থেকে নেওয়া ঋণের এক কিস্তির ২৫০ টাকা নির্দিষ্ট সময় ১৬ ফেব্র“য়ারি পরিশোধ করতে ব্যর্থ হয় আব্দুল হামিদ নামে এক গ্রাহক। এ অপরাধে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা বৃহস্পতিবার সকালে আব্দুল হামিদের ২৫ হাজার টাকা মূল্যের বসতবাড়ি জোর করে ভেঙে নিয়ে যায়।

ঘটনার পর আব্দুল হামিদ মুরাদনগর থানায় মামলা দায়ের করলে বৃহস্পতিবার পুলিশ এনজিও’র বাঙ্গুরা শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মোহরম হোসেন সরকার, সহকর্মকর্তা দেবপ্রসাদ দাস, সফিকুল ইসলাম, সোলায়মান হোসেন ও আলম হোসেনকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য মোসলেম উদ্দীন বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে এনজিওটি ক্ষমতার অপব্যবহার করেছে।