২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিচারাধীন আসামির মৃত্যু; র‌্যাবের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

বরিশালের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিচারাধীন এক আসামির মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 05:57 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

হাসপাতালের চিকিৎসকরা আসামি ওবায়দুল হকের (৩০) মৃত্যুর জন্য শারীরিক নির্যাতনকেই প্রাথমিকভাবে কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তার বাড়ি ঝালকাঠি জেলার নিয়নকাঠিতে।

পুলিশ সূত্র জানায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ওবায়দুল হককে একটি চুরি যাওয়া মটরসাইকেলসহ শহরের ফলপাত্তি এলাকা থেকে ৫ মার্চ গ্রেপ্তার করে। এর আগে মোটরসাইকেলের মালিক কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

গ্রেপ্তারের দিনই র‌্যাব ওবায়দুলকে কোতয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তবে র‌্যাবের হেফাজতে থাকার সময় তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে র‌্যাব এক বিবৃতিতে বলেছে, গ্রেপ্তার এড়াতে পালানোর চেষ্টাকালে সে অসুস্থ হয়ে পড়ে।

গত ৬ মার্চ ওবায়দুলকে জেলে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ১২ মার্চ তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে ১৫ মার্চ মারা যায়।

এ ব্যাপারে পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।