২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিএসএ স্বাক্ষরে সোমবার পেট্রোবাংলা - নাইকো বৈঠক

প্রায় ১৬ মাস ঝুলে থাকার পর ফেনীর গ্যাস কেনার জন্যে নাইকোর সাথে জিপিএসএ স্বাক্ষরের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে আগামী সোমবার পেট্রোবাংলা কানাডিয়ান কোম্পানিটির সঙ্গে বৈঠকে বসছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 02:12 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ফেনীর গ্যাসের জন্যে সরকারের বেধে দেয়া দাম প্রতি হাজার ঘনফুট ১ দশমিক ৭৫ মার্কিন ডলার মেনে নিয়ে নাইকো গ্যাস পারচেজ এন্ড সেলস এগ্রিমেন্ট (জিপিএসএ) স্বাক্ষর করতে যাচ্ছে বলে জানা গেছে। 

নাইকো ইতোমধ্যে পেট্রোবাংলার কাছে জিপিএসএ’র খসড়া দাখিল করেছে। এতে নাইকো তাদের অন্তর্বর্তীকালীন জিপিএসএ স্বাক্ষরের দাবি থেকে সরে এসেছে। জিপিএসএ’র খসড়ায় নাইকো ফেনীর গ্যাসের দাম প্রতি হাজার ঘনফুট ১ দশমিক ৭৫ মার্কিন ডলার উল্লেখ করেছে।

তবে খসড়ায় দেয়া শর্তে বলা হয়েছে, এই দাম ২০০৭ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বলবত থাকবে। পরদিন থেকে ক্রেতা এবং বিক্রেতার সমঝোতার ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করতে হবে।

এই শর্ত সম্পর্কে পেট্রোবাংলার একজন পদস্থ কর্মকর্তা বলেন, “কোনো শর্ত মানার সুযোগ নেই। শুরু থেকে শেষ পর্যন্ত নাইকো - বাপেক্সকে সরকারের বেধে দেয়া দামেই গ্যাস সরবরাহ করতে হবে।”

তিনি বলেন, সোমবারের বৈঠকে খসড়া চূড়ান্ত হলে আগামী সপ্তাহেই জিপিএসএ স্বাক্ষর করা হবে।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানও দ্রুত জিপিএসএ স্বাক্ষর করার জন্যে পেট্রোবাংলাকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

দাম চূড়ান্তকরণ ছাড়াই পেট্রোবাংলার অনুরোধে নাইকো ২০০৪ সালের নভেম্বর মাসে ফেনী ফিল্ড থেকে গ্যাস সরবরাহ শুরু করে। কিন্তু দাম নির্ধারণ পর্যায়ে নাইকো প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম চায় ২ দশমিক ৩৫ মার্কিন ডলার। সে সময় সরকারের একটি কমিটি গ্যাসের দাম ২ দশমিক ১০ মার্কিন ডলার প্রদানে সম্মত হয়। কিন্তু নাইকো তাতে রাজি হয়নি।

এরপর ছাতক গ্যাস ক্ষেত্রে খননকালে একটি ব্লো - আউটের ঘটনায় ফেনীর দাম নির্ধারণের বিষয়টি ঝুলে যায়।

ফেনী গ্যাস ফিল্ডে উত্তোলনযোগ্য মজুতের পরিমাণ ১২৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। এর মধ্যে বাংলাদেশ গ্যাস ফিল্ড পরিত্যাক্ত করার আগে এখান থেকে ৪০ বিসিএফ গ্যাস উত্তোলন করে। নাইকো গত বছরের ডিসেম্বর পর্যন্ত মোট ১২.৩ বিসিএফ উত্তোলন করেছে।