মুদ্রা পাচার মামলায় ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন মাসুদের জামিন
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ মুদ্রা পাচার মামলায় জামিন পেয়েছেন।
ঢাকা মহানগর দায়রা জজ মমিনউল্লাহ বুধবার উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। অনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার তিনি কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে সূত্র জানায়।
গত বছরের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলায় জড়িত সন্দেহে আগস্টের শেষ সপ্তাহে মাওলানা মাসুদকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে আনা প্রধান অভিযোগ, জঙ্গিদের অর্থ প্রদান করা। নগরীর বিমান বন্দর থানায় বিস্ফোরক দব্য এবং খিলগাঁও থানায় ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০২’ এর ১৩ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গুলশান থানায়ও তার বিরুদ্ধে একটি মামলা হয়।
মামলা দায়েরের পর তাকে কয়েক দফা রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শুনানির সময় মাওলানা মাসুদ প্রকাশ্য আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে বোমা হামলার প্রকৃত তথ্য পাওয়া যাবে বলেও তিনি সে সময় উল্লেখ করেন।
এর আগে বিস্ফোরক দব্য মামলায় পুলিশ তাকে অব্যাহতি দেয় এবং গুলশান থানায় দায়েরকৃত মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে পেয়েছেন।
এদিকে মাওলানা ফরিদ উদ্দিন মাসুদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ইসলামী জঙ্গি সংগঠনকে অর্থ দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি।
