২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে জেএমবি’র জেলা কমান্ডারসহ গ্রেফতার ২: ব্রাহ্মণবাড়িয়ায় সালাহউদ্দিনকে ধরতে র‌্যাবের অভিযান

শেরপুরে সিরিজ বোমা হামলার আসামি ও জেলার দায়িত্বপ্রাপ্ত জেএমবি’র সামরিক কমান্ডারসহ দুই সদস্যকে পুলিশ বুধবার গ্রেফতার করেছে। এছাড়া র‌্যাব জেএমবি’র শীর্ষ নেতা সালাহউদ্দিনকে গ্রেফতারের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘণ্টা ধরে এক ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে। 

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 02:19 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

বিডিনিউজ শেরপুর প্রতিনিধি জানান, ঝিনাইগাতি উপজেলার বাগেরভিটা গ্রামের জেএমবি’র সামরিক কমান্ডার ও এহসার সদস্য মোজাহিদুল ইসলাম ওরফে সুমনকে (৩০) নকলা উপজেলার গৌরদ্বার এলাকা থেকে ও শেরপুর পৌরসভার নাগপাড়া গ্রাম থেকে আত্মঘাতী সদস্য আবু সাঈদ ওরফে সুমনকে (২৮) ডিবি পুলিশ বুধবার ভোরে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত দুই জঙ্গিকে শেরপুর সদর থানায় পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজিপাড়ায় মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা সালাহউদ্দিন অবস্থান করছে, এ সংবাদের ভিত্তিতে র‌্যাব ও পুলিশ বুধবার ভোর রাত তিনটা থেকে সকাল সাতটা পর্যন্ত তল্লাশি অভিযান চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, র‌্যাব ৯ এর অধিনায়কের নেতৃত্বে সদর থানা ও ডিবি পুলিশ জঙ্গি নেতা সালাহউদ্দিন, রিপন ও শিপনকে খুঁজতে বাড়ি বাড়ি তল্লাশি চালায়। এ সময় র‌্যাবের সাথে ছিল ঢাকার পল্টন থেকে গ্রেফতার হওয়া সাব্বির আহমেদ দুলাল। অভিযানে কাউকে গ্রেফতার করা হয়েছে কি না জানা যায়নি। অভিযান শেষে সাব্বিরকে সিলেটে নিয়ে যাওয়া হয়।