এপ্রিলেই চালু হচ্ছে তিতাসের ই-গভর্ণেন্স
রাষ্ট্রীয় মালিকানাধীন তিতাস গ্যাস ট্রান্সমিশন এণ্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লি. গ্যাসের শিল্প সংযোগ প্রদানের ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার লক্ষ্যে ই গভর্ণেন্স চালু করার উদ্যোগ নিয়েছে। ঢাকায় স্থানীয় প্রথম সারির সফটওয়্যার কোম্পানী বিজনেস অটোমশন লি. এর সাথে আগামী মাসের মধ্যে ই-গভর্ণেন্স চালূ করা বিষয়ক একটি চুক্তি সোমবার স্বাক্ষরিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তি অনুয়ায়ী, আবেদনকৃত গ্যাস-সংযোগের সুবিধার্থে তিতাস গ্যাস-এর সম্ভাব্য শিল্প-সংযোগ গ্রহীতাদের জন্য বিজনেস অটোমেশন একটি অনলাইন এ্যাপ্লিকেশন প্রসেসিং এণ্ড ট্র্যাকিং সিস্টেম চালু করবে। এছাড়াও বিজনেস অটোমেশন স্থানীয় প্রতিষ্ঠান এ্যাকসেস টেলিকম ও বিশ্বখ্যাত আইবিএম কোম্পানীর আঞ্চলিক প্রতিনিধি থাকরাল ইনফরমেশন সিস্টেমস্ লি. এর কারিগরী সহযোগিতায় তিতাস গ্যাস কেন্দ্রীয় কার্যালয়ের সাথে সাভার ও জয়দেবপুরস্থ আঞ্চলিক বিক্রয় কেন্দ্রের মধ্যে ইন্ট্রানেট এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক স্থাপন করবে।
চুক্তিতে তিতাসের সচিব ও মহাব্যবস্থাপক এস এম ফারুক এবং বিজনেস অটোমেশন-এর পক্ষে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জাহিদুল হাসান মিতুল স্বাক্ষর করেন। এ সময় তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল্লাহ, মহাব্যবস্থাপক (আঞ্চলিক বিক্রয় ডিভিশন) প্রকৌশলী মো. কাওছার আজিজুর রহমান, উপ-মহাব্যবস্থাপক মো. আতিকুজ্জামান, বিজনেস অটোমশেনের পরিচালক (বিপনন ও প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, মহাব্যবস্থাপক মো. রেজাউল করিম এবং উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
