ইডেন কলেজে ছাত্রদল নেত্রীদের তাণ্ডব, হামলায় আহত আন্দোলনরত ছাত্রীরা
ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে মঙ্গলবার ছাত্রদল নেত্রীদের হামলা ও হুমকির পর আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা অবশেষে হল ছেড়ে যেতে বাধ্য হয়। ছাত্রদল ক্যাডারদের হামলায় আন্দোলনরত বেশ কয়েকজন ছাত্রী আহত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত প্রায় বাইশ ঘন্টা আন্দোলনরত ছাত্রীরা অধ্যক্ষের অপসারণ ও হল ত্যাগ নির্দেশের প্রতিবাদে কলেজের সামনে আজিমপুর সড়ক অবরোধ করে রাখে।
এর আগে সোমবার কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের মঙ্গলবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়। কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের পরই ছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে।
মঙ্গলবার সকাল ১০টায় হাসনা বেগম ছাত্রীনিবাসের (নতুন হল) হল সুপার জুলেখা খাতুন হল গেটের সামনে এসে আন্দোলনরত ছাত্রীদের হল থেকে বেরিয়ে যেতে বলে। এসময় তার সাথে ছাত্রীদের তীব্র বাক বিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে ছাত্রদলের প্রায় ১০/১৫ জন নেত্রী সাধারণ ছাত্রীদের ওপর লাঠি ও ইট পাটকেল নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এসময় তারা নতুন হলের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দেয়। এ সময় ছাত্রদল ক্যাডাররা উপস্থিত সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল করে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয়। হল সুপার জুলেখা খাতুনও সাংবাদিকদের বেরিয়ে যেতে বলেন।
ছাত্রদল নেত্রী উর্মি, সাগর ও বেশ কয়েকজন হল সুপারকে গার্ড দিয়ে নিরাপদে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যায়। এর পরপরই ছাত্রদল ক্যাডার নিশিতা, উর্মি, সাগর, রেহানা, মুন্নী, রুবিনা, ঈশিতা, পুতুল ও মুকুলসহ বেশ কয়েকজন ছাত্রী ক্যাডার সাধারণ ছাত্রীদের ওপর চড়াও হয়। মুন্নী চৌধুরী লাঠি দিয়ে ছাত্রীদের বেধড়ক পেটাতে থাকে। তারা ছাত্রীদের চুল ধরে মাটিতে ফেলে বেধড়ক লাঠি পেটা করে। এরপর পুলিশ সাধারণ ছাত্রীদের কলেজ থেকে বের করে দিয়ে কলেজ গেট আটকে দেয়।
সাড়ে ১০টায় ছাত্রীরা কলেজ গেট ধাক্কা দিয়ে ভেঙ্গে ফেলে। তখনও রাস্তায় ছাত্রীরা অবস্থান নিয়ে অধ্যক্ষের অপসারনে এক দফা দাবিতে সড়ক অবরোধ চালিয়ে যাচ্ছিল।
গেট ভেঙ্গে ছাত্রীরা আবার কলেজে ঢুকলে ছাত্রদল ক্যাডাররা দ্বিতীয় দফা হামলা চালিয়ে ইতিহাস চতুর্থ বর্ষের ছাত্রী ফেন্সী গুরুতর আহত করে। ইটের আঘাতে ফেন্সীর মাথা ফেটে যায়। এছাড়া সমাজবিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্রী কণা, রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্রী বেবী, রানু, শিলা, ম্যানেজম্যান্ট মাস্টার্সের ছাত্রী অভি, তানিয়া, দিনা, শর্মী আহত হয়। আহত তানিয়া জানায়, সকাল ৯টায় একজন শিক্ষক তাদের হলের ভেতর যেতে বলে। তারা হলের ভেতর যেতে রাজি না হলে ওই শিক্ষক তানিয়াকে চড় মারে এবং পায়ে পাড়া দিয়ে নখ উঠিয়ে দেয়।
আহতদের মধ্যে ফেন্সী, বেবী, কণাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কণা ও বেবীকে কলেজের বাইরে চুল ধরে রাস্তায় ফেলে পা দিয়ে পাড়ায় ছাত্রদল ক্যাডাররা।
এরপর সকাল ১১টায় ছাত্রদল ক্যাডার উর্মি, সাগর, নিশিতা, মুন্নীর নেতৃত্বে অন্যান্যরা নতুন হলে ঢুকে মেয়েদের বের হয়ে যাওয়ার হুমকি দেয়। এসময় ছাত্রদল ক্যাডার নিশিতা হলে থাকা সাধারণ ছাত্রীদের হুমকি দিয়ে বলে সরকার জঙ্গিসহ সব ধরতে পারে। এমনকি বাংলা ভাইকেও তারা ধরেছে। আর তোরা কে? তোরা আন্দোলন করিস, হল থেকে বের হয়ে আয়, নয়ত দেখো নেবো। এসময় হল সুপার জুলেখা খাতুনসহ অন্যান্য শিক্ষকরা এবং মহিলা পুলিশ উপস্থিত ছিলো। হলে থাকা সাধারণ ছাত্রীরা নিরাপত্তাহীনতার কারণে হল থেকে বেরোতে ভয় পায়। তারা জুলেখা খাতুনের কাছে নিরাপত্তা চাইলে তিনি ও অন্যান্য শিক্ষকরা তাদের সাথে নিয়ে হল থেকে বের করে দেয়।
ছাত্রীরা কাঁদতে কাঁদতে হল থেকে বেরিয়ে যাওয়ার সময় হল সুপার ও অন্যান্য শিক্ষকের কাছে প্রশ্ন করেন, হল খালি করার নির্দেশ দিলে আমরা বের হলে ওরা (ছাত্রদল ক্যাডার) বের হবেনা কেন? ছাত্রীরা এসময় জুলেখা খাতুনকে ছাত্রদল নেত্রীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ তোলে।
হল সুপার জুলেখা খাতুন বলেন, এরা (আন্দোলনকারীরা) অবাধ্য ছাত্রী। এরা কোনো কথা শোনেনা। তিনি বলেন, যারা আন্দোলন করছে তারা বাইরের কোনো শক্তির মাধ্যমে এ কাজ করছে।
আন্দোলনকারীরা কোন দলের সমর্থক এমন প্রশ্ন করা হলে তিনি জানেননা বলে জানান। জুলেখা খাতুন জানান, অধ্যক্ষ ফিরোজা বেগম আসছেন তিনি রাস্তায় রয়েছেন। তবে, দুপুর দেড়টা পর্যন্ত অধ্যক্ষ কলেজে আসেননি।
দুপুর ১২টায় নারী নেত্রী শিরিন আক্তার, কর্মজীবী নারীর সুফিয়া শিউলী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের তাহেরা বেগম, নারীনেত্রী আফরোজা হক রিনা রাস্থায় আন্দোলনরত ছাত্রীদের সাথে একাত্মতা ঘোষণা করেন। নারী নেত্রী শিরিন আক্তার বলেন, ছাত্রীদের ন্যায্য দাবি না মেনে তাদের ওপর এধরনের নির্যাতন ন্যাক্কারজনক। তিনি অধ্যক্ষকে উদ্দেশ্য করে বলেন, ছাত্রীদের ন্যায্য দাবি মেনে নিন। এরপর তারা কলেজে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়।
তবে, এ সময় কলেজে প্রাণীবিজ্ঞান বিভাগের ব্যবহারিক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মৌখিক পরীক্ষা হয়েছে বলে জানা যায়।
হল ত্যাগের খবরে অনেক উদ্বিঘœ অভিভাবক তাদের সন্তানদের নিতে কলেজে ছুটে আসেন।
সোমবার সারারাত ও মঙ্গলবার দুপুর পর্যন্ত অভুক্ত অবস্থায় ছাত্রীরা সারারাত গেটের বাইরে অবস্থান করে।
বৃহস্পতিবার থেকে খোদেজা খাতুন হলে(পুরাতন হল) ছাত্রদল নেত্রীদের অবৈধ সিট ব্যবসা ও বৈধ ছাত্রীদের বের করে দেওয়ার প্রতিবাদে সাধারণ ছাত্রীরা আন্দোলনে নামে।
