২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সম্মান না দেন, অপমান কইরেন না’: বীরপ্রতীক তারামন বিবি

দেশের দশজন গুণী নারীর একজন হিসেবে সম্মানিত হওয়ার খবরে খুশিই হয়েছিলেন বীরপ্রতীক তারামন বিবি। কিন্তু পদক প্রদানের দুই সপ্তাহ পরও আয়োজক প্রতিষ্ঠান তার সাথে যোগাযোগ না করে পদকের নামে তামাশা করায় বিক্ষুব্ধ হয়েছেন তিনি।

কুড়িগ্রাম প্রতিনিধি

/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 06:20 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

আয়োজক প্রতিষ্ঠানের এ তামাশার প্রতিবাদে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পদক আমার দরকার নাই। দয়া করে মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রতারণার খেলা খেলবেন না। সম্মান না দেন অপমান কইরেন না।

কুড়িগ্রাম জেলার নদী বিচ্ছিন্ন রাজিবপুর উপজেলায় তারামন বিবির বাস। পত্র--পত্রিকার মাধ্যমে পদক পাওয়ার বিষয়টি জানতে পারলেও আয়োজকদের কেউ তার সাথে যোগাযোগ করেনি। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পত্র বা অন্য কোনভাবে তাকে আমন্ত্রণ বা অবহিত করা হয়নি তাকে।

জানা গেছে, আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে উইমেন্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মূল স্রোতধারায় সম্পৃক্ত থেকে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের ১০ গুণী নারীকে বিশেষ সম্মাননা প্রদান করে। অনুষ্ঠানে ১০ জন নারীর হাতে পদক তুলে দেওয়ার কথা বলা হলেও উপস্থিত ছিলেন না তারামন বিবি।

গত ২ মার্চ ঢাকার বাংলাদেশ চীন মেত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জাকজমকপূর্ণ সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু।