ইডেন কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলায় ৫ জন আহত
ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে আন্দোলনরত সাধারণ ছাত্রীদের ওপর মঙ্গলবার সকালে ছাত্রদল ক্যাডারদের হামলায় কমপক্ষে পাাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনের মুখে কলেজ কর্তৃপক্ষ সোমবার সন্ধ্যায় কলেজ হোস্টেল অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করে। কিন্তু অধ্যক্ষের পদত্যাগসহ নানা দাবিতে আন্দোলনরত সাধারণ ছাত্রীরা কোনো অবস্থাতেই হল ত্যাগ করবে না বলে ঘোষণা দেয়। এক পর্যায়ে তারা আজিমপুর সড়কে অবরোধও সৃষ্টি করে।
ইডেন কলেজে মঙ্গলবার সকাল থেকেই ছিলো ব্যাপক উত্তেজনা। আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে কথা বলার জন্যে এক পর্যায়ে হল সুপার জুলেখা খাতুন বেরিয়ে আসেন। সেখানে ছাত্রীদের সঙ্গে তার প্রচণ্ড বাক -- বিতণ্ডা হয়। এসময় ছাত্রদলের নেত্রীরা হল সুপারকে নিরাপত্তা দিয়ে তার অফিস কক্ষে পৌঁছে দেয়।
পরে ছাত্রদলের ছাত্রীরা লাঠি ও ইট -- পাটকেল নিয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। তাদের বেপরোয়া মারপিটে কমপক্ষে পাঁচজন সাধারণ ছাত্রী আহত হয়। আহতদের মধ্যে ফেন্সী, শর্মী ও নুসরাতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কলেজে ব্যাপক মহিলা পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইডেন কলেজের হল বন্ধ ঘোষণা করা হলেও কলেজের দাপ্তরিক কাজকর্ম চলছে। সেখানে মঙ্গলবারও একটি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
