খুলনায় পুলিশের ক্রসফায়ারে আঞ্চলিক কমান্ডার নিহত
খুলনার জিগাতলায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)’র আঞ্চলিক কমান্ডার মঙ্গলবার ভোরে পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছে। নিহত কমান্ডারের নাম মান্নান সিকদার।
পুলিশ জানায়, খুলনার বালিয়াডাঙ্গা থেকে মান্নানকে স্ত্রীসহ সোমবার গ্রেপ্তার করা হয়।
মান্নানের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য জিগাতলায় গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় মান্নান পুলিশের হেফাযত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, একটি পাইপগান এবং পাঁচটি বোমা উদ্ধার করেছে।
মান্নানের বিরুদ্ধে পুলিশ হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।
