ঠাকুরগাঁওয়ে সারের দাবিতে বাফার গুদাম ঘেরাও
ঠাকুরগঁওয়ে চড়া দামে সার বিক্রি করায় সোমবার দুপুরে শতাধিক কৃষক ইউরিয়া সারের দাবিতে স্থানীয় বাফার গুদাম ঘেরাও করে। তারা ডিলারদের বরাদ্দকৃত সার ট্রাকে করে বাইরে নিয়ে যেতে বাধা দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪৫ হাজার হেক্টর জমিতে ইরি, বোরো আবাদ হচ্ছে।
কৃষি অফিসের মতে, এসব জমিতে এখন তিন হাজার মেট্রিক টন ইউরিয়া সারের দরকার। জেলার ৫০জন সার ডিলার নিয়মিত সার উত্তোলন করলেও অতিরিক্ত দামে খুচরা ব্যবসায়ীদের কাছে সার বিক্রি করছে। ব্যবসায়ীরা ২৮৫ টাকার সার কৃষকদের কাছে ৩২০--৩২৫ টাকায় বিক্রি করছে।
ডিলাররা বলছেন, তারা চাহিদা মোতাবেক সার পাচ্ছেন না।
তবে কৃষকরা অভিযোগ করেন, ডিলারদের কাছে যথেষ্ট পরিমাণ সার মজুদ রয়েছে।
অতিরিক্ত দামে সার বিক্রির সময় সদর উপজেলার দেবিগঞ্জ হাট থেকে পুলিশ লিটন নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
অপরদিকে নির্ধারিত দামে সার বিক্রি করার টালবাহানা করায় ম্যাজিস্ট্রেট আব্দুল হাক্কানি সদর উপজেলার রুহিয়ার ব্যবসায়ী ইব্রাহীমের গুদাম থেকে অর্ধশতাধিক ইউরিয়া সার ২৯০ টাকা দরে কৃষকদের কাছে বিক্রি করতে বাধ্য করেন।
কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এক ডিলারের কাছে পাঁচ টন সার সরবরাহ দিয়ে পরিস্থিতি শান্ত করে।
