২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক রাজনীতি ও পারস্পরিক সম্পর্কের অবনতির কারণে ড. মহিউদ্দিন এ হত্যাকান্ড ঘটান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি এবং মিয়া মো. মহিউদ্দিনের সাথে পারস্পরিক সম্পর্কের অবনতির কারণেই ড. তাহেরকে হত্যা করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2006, 12:16 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

রাবির ভূ-তত্ত্ব খনিবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর ড. এস তাহের আহমদ হত্যাকা-ে অভিযুক্ত গ্রেপ্তারকৃত শিক্ষক ড. মিয়া মোঃ মহিউদ্দিন নিজ পরিবারের বাইরে বেড়ে ওঠেন। তার চরিত্রের মধ্যে ছোটবেলা থেকেই ছিল স্বার্থপরতা। এস এসসি ও এইচ এসসি পরীক্ষায় যথাক্রমে ১ম ও ২য় শ্রেণীতে উত্তীর্ণ হয়ে রাবিতে ভর্তি হন। রাবি’র ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষিকা

সেলিনা খাতুনের মামাতো ভাইয়ের ছেলে ড. মহিউদ্দিন। সেলিনা খাতুন ফুফু হলেও তাকে মা বলে ডাকতেন। এক পর্যায়ে তার সম্পত্তির মালিকানাও দাবী করেন ড. মহিউদ্দিন। আচরণগত কারণে সম্পর্কের ছেদ ঘটে।

রাবির শিক্ষক মহল থেকে জানা গেছে, সেলিনা খাতুনের প্রচেষ্টায় ও ড. এস তাহের আহম্মেদের সহায়তায় রাবিতে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ১৯৯০ সালের ১২ ডিসেম্বর প্রভাষক হন ড. মহিউদ্দিন। তিনি  অনার্সে ১ম শ্রেণী ও এমএসসিতে ১ম শ্রেণীতে ১ম হন।

তিনি ড. এস তাহের আহম্মেদের তত্ত্বাবধানে এমএসসি থিসিস করেছিলেন। শিক্ষক হিসেবে যোগদানের পর ড. তাহেরের সাথে সম্পর্কের অবনতি শুরু হয়। পরে মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের চাচাতো শালীকে বিয়ে করার পর থেকে ড. মহিউদ্দিন নানান ক্ষেত্রে তার ক্ষমতা দেখাতে শুরু করেন। ড. আবু তাহেরকে কোণঠাসা করার লক্ষে ড. মহিউদ্দিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন।

দেশের উচ্চতর ডিগ্রী গ্রহণ শেষে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের নানান কাজে তিনি ড. আবু তাহেরকে অসহযোগিতা করতেন। একই সঙ্গে তিনি অনিয়ম শুরু করেন বিভাগীয় কাজে। ড. আবু তাহের রাবির শিক্ষক মহলে পন্ডিত, সৎ ও সজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। ঠিক এর বিপরীতে চরিত্র ছিল ড. মহিউদ্দিনের।

১৯৯২ সালে ভূ--তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ড. চৌধুরী সারওয়ার জাহানের সহায়তায় ড. মহিউদ্দিন বেলজিয়ামের ফ্রি ইউনিভার্সিটিতে এমএসসি ডিগ্রির জন্যে বৃত্তি পান। কিন্তু কোর্স অসমাপ্ত রেখেই ১৯৯৪ সালে দেশে ফিরে আসেন।

এ সময় তিনি প্রতারণা করে বাৎসরিক বৃত্তির টাকা উত্তোলন করেন বলে অভিযোগ রয়েছে।

তার এমন কর্মকা-ের কারণে রাবির কোন ছাত্র - শিক্ষক পরবর্তীতে বেলজিয়ামের ওই বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পাননি বলে জানা গেছে। এধরণের কর্মকা-ের পরও ড. মহিউদ্দিন ১৯৯৪ সালেই জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্যে মনোনীত হন।

ড. আবু তাহের রাবিতে জাতীয়তাবাদী মূলধারার শিক্ষক রাজনীতির শীর্ষ ব্যক্তিদের একজন। তার হাত ধরেই ড. মহিউদ্দিন বিএনপিতে অন্তর্ভূক্ত হন। কিন্তু বিভাগীয় নানা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনিয়মে ড. তাহেরকে শেষ পর্যন্ত রাজি করাতে না পারায় দু’জনের সম্পর্ক ক্রমেই দূরত্ব বাড়ে।

আর ড. মহিউদ্দিন বিএনপির ছায়ায় থেকে জামায়াতের সঙ্গে গোপন সর্ম্পক গড়ে তোলেন। জামায়াতপন্থী শিক্ষকদের সহায়তাতেই ড. মহিউদ্দিন ১৯৯৪ সালে বেলজিয়ামের ফ্রি ইউনিভার্সিটির ডিগ্রি শেষ না করে দেশে ফিরে আবার একই বছরে জাপানে পিএইচডি ডিগ্রি নিতে যান।

১৯৯৭ সালে জাপান থেকে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করে তিনি দেশে ফিরে আসেন এবং ১৯৯৮ সালের ৩০ মার্চ রাবিতে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতির ক্ষেত্রেও রয়েছে অনিয়ম।

ড. মহিউদ্দিনকে সহযোগী অধ্যাপক পদে নিয়োগের সময় ১৯৯৮ এর ৩০ মার্চ ৩৪৭ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এ সভার ৩২ নম্বর সিদ্ধান্তে বলা হয়েছিল, ‘ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিনকে সহযোগী অধ্যাপক পদে কনফার্মেশনের পূর্বে কমপক্ষে দু’টি উন্নতমানের গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে হবে। অন্যথায় সহযোগী অধ্যাপক পদে তার কনফার্মেশন স্থগিত থাকবে।’

রাবিতে এমন শর্ত অন্যন্য শিক্ষকদের ক্ষেত্রেও প্রযোজ্য। যা তাদের নিয়োগ পত্রে উল্লেখ রয়েছে। কিন্তু ড. মহিউদ্দিনের নিয়োগপত্রে এ শর্তের উল্লেখ করা হয়নি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি তা করতে সক্ষম হন বলে জানা গেছে। দীর্ঘ ৭ বছর ড. মহিউদ্দিন দু’টি উন্নতমানের গবেষণা প্রবন্ধ জমা দেননি।

সহযোগী অধ্যাপক পদে কনফার্মেশন না পেয়েও তিনি এ পরিচয়ে বেতন - ভাতাদিসহ অন্যান্য সুযোগ - সুবিধা ভোগ করেছেন। ২০০৫ সালের ৩ মে তৎকালীন রেজিস্ট্রার আব্দুস সালাম ভূ - তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতিকে এক পত্রে জানানো হয়, ‘ড. মিয়া মো. মহিউদ্দিনকে উন্নতমানের দু’টি গবেষণা প্রবন্ধ জমা না দেওয়ায় তার বর্তমান পদে কনফার্ম করা হয়নি। গবেষণা প্রবন্ধ জমা দিলে তাকে কনফার্ম করা হবে।’

২০০০ সালের ৩ মার্চ ড. মহিউদ্দিনের সহযোগী অধ্যাপক পদে চাকুরী স্থায়ীকরণের পর্যায় অতিক্রমের শেষদিন হলেও তিনি ৫ বছর পর ২০০৫ সালের ১৬ মে আবেদন করেন। এই আবেদন পত্রে তিনি একই প্রবন্ধ দু’বার দেখিয়ে দু’টি প্রবন্ধ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।কিন্তু বিষয়টি প্রফেসর ড. এস তাহের আহমেদের কাছে ধরা পড়ে যায়।

এ নিয়ে বিভাগীয় প্ল্যানিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয় ২০০৫ সালের ২৫ মে। সভায় ২ নম্বর খ সিদ্ধান্তে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ে স্থায়ীকরণ প্রফর্মাতে ড. মহিউদ্দিন যে দু’টি প্রবন্ধ পূর্ণভাবে উল্লেখ করেছেন তার মধ্যে একটি প্রবন্ধ জানুয়ারি ১৯৯৮ তে প্রকাশিত হয়েছে। যা তিনি নিয়োগের তারিখের ৩০/০৩/১৯৯৮ সালের পূর্বে প্রকাশিত হয়েছে।’

ড. মহিউদ্দিন সহযোগী অধ্যাপক হিসেবে কনফার্ম না হতেই তাকে প্রফেসর পদে পদোন্নতি দেওয়ার জন্যে বিএনপি - জামায়াতপন্থী প্রভাবশালী শিক্ষকচক্র জোর তৎপরতা শুরু করেন। পদোন্নতির জন্যে তিনি ২০০৫ সালের ১৩ মে সরাসরি বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রারের কাছে আবেদন করেন।

এ নিয়ে বিভাগীয় সভাপতি প্রফেসর ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ ২০০৫ সালের ৫ জুলাই বিভাগীয় প্ল্যানিং কমিটির সভা ডাকেন। এই সভায় ড. তাহের আহমেদ নিয়মবহির্ভূত পন্থায় ড.মহিউদ্দিনের পদোন্নতির তীব্র বিরোধিতা করেছিলেন।

শেষ পর্যন্ত এই সভায় সিদ্ধান্ত হয় যে, ‘ড. মহিউদ্দিন বিভাগের পাশাাপাশি কর্তৃপক্ষের কাছে যুগপৎভাবে সরাসরি প্রফেসর পদে পদোন্নতির জন্য আবেদন করায় এ পর্যায়ে তার আবেদনটি বিভাগীয় প্ল্যানিং কমিটির বিবেচনা করার সুযোগ নেই।’

২০০৫ এর ৪ আগস্ট একই বিষয়ের আলোকে আবারো বিভাগীয় প্ল্যানিং কমিটির সভা অনুষ্ঠিত হয। এই সভা বিএনপি ও জামায়াত চক্রের শিক্ষকদের চাপে ড. মহিউদ্দিনের নিয়মবহির্ভূতভাবে রেজিস্ট্রারকে দেওয়া পদোন্নতির আবেদনপত্র ‘অ্যাডভান্স কপি’ হিসেবে গ্রহণ করে।

একটি সূত্র জানিয়ছে, ড. তাহের নিয়মবহির্ভূত এ আবেদনপত্রের বিষয়ে মিডিয়ার কাছে জানাতে চানÑ এমন সংবাদ পাওয়ার পর উপাচার্যের নির্দেশ অনুযায়ী রেজিস্ট্রার আবেদনপত্রটি সংশিষ্ট বিভাগীয় প্রধানের কাছে ফেরত পাঠান।

ফেরতকৃত আবেদনপত্রে দেখা যায় যে, বিভাগীয় প্ল্যানিং কমিটিকে তার (ড. মহিউদ্দিন) আবেদনপত্র বিবেচনা না করার জন্যে তিনি প্ল্যানিং কমিটিকে অভিযুক্ত করেন। প্ল্যানিং কমিটি ওই দিনের ২০০৫ সালের ৪ আগস্ট সভায় এ অভিযোগকে ড. মহিউদ্দিনের অন্যায় হিসেবে আখ্যা দিয়ে তা ভিত্তিহীন ও অসত্য হিসেবে চিহ্নিত করেন। ক্ষোভ প্রকাশের কথা রেজুলেশনে উল্লেখ করেন।

এ দিনের সভায় ড. তাহের উপস্থিত ছিলেন এবং তিনি কোনো আলোচনায় অংশ নেননি। বিভাগীয় প্ল্যানিং কমিটির সভায় যা ছিল তার স্বভাব বিরুদ্ধ।

সূত্র জানিয়েছে, ড. মহিউদ্দিনের পদোন্নতি বিষয়ে কোনরকম বাধা প্রদান না করতে ড. তাহেরকে হুমকি দেওয়া হয়েছিল। তিনি সেদিনের সভায় নিজে নিশ্চুপ থেকে তার আস্থাভাজন এক শিক্ষককে দিয়ে ড. মহিউদ্দিনের মোট চাকুরীকালের তালিকা তুলে ধরেন।

ড. মহিউদ্দিন ২০০৫ সালের ২৬ এপ্রিল পর্যন্ত সময়ে ১৪ বছর ৪ মাস ২দিনের মধ্যে ৮ বছর ৫মাস ১১ দিনের ছুটি ভোগ করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ২নং ভলিউমের ২১৪ নম্বর পৃষ্ঠার ৩নম্বর ধারা অনুযায়ী ১২ বছর শিক্ষকতা পূর্ণ না হওয়ায় এই ভলিউমের ২১৫নং পৃষ্ঠার ১ নং ধারা মতে, ড. মহিউদ্দিনের পদোন্নতির আবেদন প্ল্যানিং কমিটির ২০০৫ সালের ৪আগস্ট ৪১৬ মত সভা বিবেচনা করা গেলো না বলে সিদ্ধান্ত নেয়।

এই সভার এক মাস পর ৮ সেপ্টেম্বর রেজিস্ট্রার আব্দুস সালাম ‘উপাচার্যের অনুমোদন রয়েছে’ বলে উল্লেখ করে ড. মহিউদ্দিনের প্রফেসর পদে পদোন্নতির বিষয়ে প্ল্যানিং কমিটির সিদ্ধান্ত প্রেরণের অনুরোধ জানান। ১০ সেপ্টেম্বর ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ রেজিস্ট্রার বরাবরে বিভাগীয় প্ল্যানিং কমিটির সিদ্ধান্ত প্রেরণ করেন।

এরপর চলতি বছরের (২০০৬) ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় বিভাগীয় প্ল্যানিং কমিটির সভা আহবান করা হয়। এই সভার অন্যতম আলোচ্যসূচী ছিল ড. মহিউদ্দিনের পদোন্নতির বিষয়টি। ৪২১ নম্বরের এই সভায় ড. তাহের উপস্থিত ছিলেন না। ৭ সদস্যের মধ্যে সেদিন মাত্র ৩জন উপস্থিত ছিলেন। ৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮ টার দিকে রাবির পশ্চিম পাড়াস্থ টিচার্স কোয়ার্টারের ম্যানহোলে ড. তাহেরের মরদেহ পাওয়া যায়।

অ্যাডভাইজরি: এ প্রতিবেদনের প্রত্যেকটিই এক একটি স্বতন্ত্র ও সিরিজ প্রতিবেদন