২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে তীব্র সার সংকট, জেলা প্রশাসকের ঝটিকা অভিযান

কুড়িগ্রাম জেলা সদর এবং ফুলবাড়ী উপজেলাসহ জেলার সর্বত্র ইউরিয়া সারের তীব্র সংকট চলছে। অতিরিক্ত দাম দিয়েও সার ক্রয় করতে না পারায় কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

স্থানীয় সূত্র জানায়, এপরিস্থিতিতে কুড়িগ্রামের জেলা প্রশাসক আজিজার রহমান মোল্লা শনিবার ফুলবাড়ী উপজেলার বিভিন্ন হাট বাজারে ঝটিকা অভিযান চালান। এসময় তিনি অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ফুলবাড়ী বাজারের নুর ইসলাম ও ফজলুর রহমানের দোকান থেকে ২৫ বস্তা সার আটক করে স্থানীয় থানায় জমা দেন। অভিযানের আগেই খবর পেয়ে দোকান মালিকরা পালিয়ে যায়।

উপজেলার ডিলারদের দোকানে সার না থাকায়, খুচরা বিক্রেতারা প্রতি বস্তা ইউরিয়া সর্বোচ্চ সাড়ে চার’শ টাকায় বিক্রি করছে বলে চাষীরা অভিযোগ করেছেন।

এদিকে শনিবার সকালে জেলার পাঁচজন ডিলার ৮ মে.টন করে সার বরাদ্দ পেয়ে বিক্রি শুরু করলে, তা কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও সার না পেয়ে অনেক কৃষক খালি হাতে ফিরে যায়। দুপুরের পর জেলা সদরের কোন ডিলারের দোকান ঘরে সার ছিল না বলে জানা গেছে।