বোমা গ্রেনেড হামলা ও জঙ্গিদের মূল হোতাদের বিচার ও তদন্তে জাতিসংঘের সহায়তা কামনা করেছে আ.লীগ
গত বছরের ২১ আগস্টের গ্রেনেড হামলা ও গণহত্যা, সকল বোমা ও গ্রেনেড হামলা এবং জঙ্গিবাদের মূল আশ্রয়দাতাদের খুঁজে বের করে বিচারের জন্যে নিরপেক্ষ তদন্তের স্বার্থে আবারও জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে আওয়ামী লীগ। সরকার এর ব্যবস্থা না করলে আওয়ামী লীগ প্রয়োজনে জাতিসংঘের কাছে লিখিতভাবে আবেদন জানাবে।
এক সংবাদ সম্মেলনে শনিবার দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি আন্তর্জাতিক সংস্থার দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিএনপি জামাত জোট সরকার স্বয়ং জঙ্গিবাদ ও সশস্ত্র সন্ত্রাসীদের স্রষ্টা এবং আশ্রয় ও মদদদাতা। সুতরাং এই সরকারের অধীনে কোনো ঘটনারই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।
তিনি বলেন, জঙ্গিদের যারা লালন করে এসেছে, তারাই এখন গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ করছে। ওদের এই তদন্ত প্রক্রিয়ায় আস্থা রাখা যায় না। তাই কেবল আন্তর্জাতিক তদন্তের মাধ্যমেই এসকল বোমা গ্রেনেড হামলা, হত্যাকাণ্ড এবং জঙ্গিবাদের নেপথ্যের গডফাদারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া সম্ভব।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আব্দুল জলিল বলেন, আন্তর্জাতিক চাপের কারণে সরকার বোমাবাজ জঙ্গি সন্ত্রাসীদের বাধ্য হয়ে গ্রেপ্তার করছে। কিন্তু তাদের গডফাদারদের আড়াল করছে।
তিনি বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্যে খালেদা জিয়া, মতিউর রহমান নিজামী, তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবররা জঙ্গি সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। মতিউর রহমান নিজামী, ব্যারিস্টার আমিনুল হক, লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান, আলমগীর কবির, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাদিম মোস্তফাসহ সন্ত্রাসীদের মদদদাতা হিসেবে যাদের নাম এসেছে, তাদের প্রত্যেককেই স্বচ্ছ তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করতে হবে। আশ্রয়দাতা মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে হবে।
তিনি বলেন, জোট সরকারের মন্ত্রী এমপিরা বিভিন্ন সময়ে জঙ্গিদের পক্ষে সাফাই গেয়েছেন। রক্ষার চেষ্টা করেছেন। জামাতের আমীর ও শিল্পমন্ত্রী নিজামী বলেছিলেন, বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। প্রতিমন্ত্রী আলমগীর কবির বলেছিলেন, বাংলা ভাই বলে কারও অস্তিত্ব নেই। তার নির্দেশে নওগাঁয় আটক জঙ্গি ক্যাডার হিমুকে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। ২০০৪ সালের ১৮ এপ্রিল নাটোরে প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসভবনে তার সাথে বাংলা ভাইয়ের সাক্ষাৎ হয়। এবং দুলু তাকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শায়খ আবদুর রহমান এবং বাংলা ভাইকে গ্রেপ্তারের পর প্রধানমন্ত্রী ওই দুই গ্রেপ্তার নাটকের পক্ষে প্রতিদিনই ওকালতি করছেন। জনসভায় বলে বেড়াচ্ছেন-- এদের পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। কিন্তু পুলিশের আইজি সাংবাদিকদের বলেছেন, বিদেশি যোগসূত্র পাওয়া যায়নি। তিনি প্রশ্ন করেন-- তাহলে কে মিথ্যে বলছেন? প্রধানমন্ত্রী নাকি আইজিপি?
আব্দুল জলিল বলেন, ময়মনসিংহের চারটি সিনেমা হলে বোমা হামলার পর আওয়ামী লীগ নেতা মুকুল বোস, সাবের হোসেন চৌধুরী, অধ্যক্ষ মতিউর রহমান, শফি আহমেদ, লেখক মুনতাসির মামুন এবং সাংবাদিক এনামুল হক চৌধুরীকে গ্রেপ্তার করে অকথ্য নির্যাতন চালানো হয়েছিল।
কিন্তু ময়মনসিংহ বোমা হামলা, ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলা, রমনা বটমূলে বোমা হামলা, ঝালকাঠি ও গাজীপুরে বোমা হামলা এবং বিচারক, আইনজীবী, সাংবাদিক, পুলিশ, অধ্যাপক ইউনুস, সাহিত্যিক হুমায়ুন আজাদসহ সকল হত্যাকাণ্ড আবদুর রহমানের নির্দেশে হয়েছে বলে তিনি নিজেই স্বীকার করেছেন।
তিনি বলেন, জঙ্গিদের স্বীকারোক্তির পর আওয়ামী লীগের ওপর দোষ চাপানো এবং অন্যায়ভাবে গ্রেপ্তার নির্যাতনের জন্যে সরকারকে ক্ষমা চাইতে হবে।
আব্দুল জলিল বলেন, এ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড ও বোমবাজি হয়েছে তার সবগুলোরই লক্ষ্য ছিল আওয়ামী লীগের নেতা কর্মী। কিন্তু প্রতিটি ঘটনার পরই প্রধানমন্ত্রীসহ সরকারের কর্তব্যক্তিরা আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে বক্তৃতা করেন। পরবর্তীতে দেখা যায়, সরকারের মদদেই সন্ত্রাসী ঘটনা ঘটছে।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ ও শেখ ফজলুল করিম সেলিম এমপি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক এমপি, মতিয়া চৌধুরী, ড. মহিউদ্দিন খান আলমগীর উপস্থিত ছিলেন।
