চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কেটিএস গার্মেন্টস দুর্ঘটনায় চিকিৎসাধীন আরো এক শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে ২৩ ফেব্রুয়ারি কেটিএস গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর আহত আরো এক শ্রমিক মঙ্গলবার রাতে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
মৃত শ্রমিকের নাম হান্নান (১৯)। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে(আইসিইউ) তার চিকিৎসা চলছিল।
এ নিয়ে সরকারি হিসেবে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫, কিন্তু বেসরকারি হিসেব অনুযায়ী এ সংখ্যা শতাধিক।
চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসাধীন সাতজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
নিহত অথবা নিখোঁজ শ্রমিকদের স্বজনরা তাদের প্রিয়জনের সন্ধানে এখনো গার্মেন্টস ভবন ও হাসপাতালের সামনে অপেক্ষা করছে।
নগরীর কালুরঘাট শিল্প এলাকায় অবস্থিত বহুতল গার্মেন্টস ভবনটিতে রাতব্যাপী অগ্নিকাণ্ডে ৪৯ জন জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়। পরে হাসপাতালে আরো ছয়জনের মৃত্যুহয়।
