রাজশাহী প্যারামেডিক্যাল কলেজ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক ব্যবহারের প্রতিবাদে, বুধবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজশাহী ইনসস্টিটিউট অব হেলথ টেকনোলজি (প্যারামেডিক্যাল) বন্ধ করে দিয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ইনসস্টিটিউটের শিক্ষক ডাঃ আনোয়ার হোসেন প্রায়ই ছাত্র - ছাত্রীদের সাথে কোনও কারণ ছাড়াই অসৌজন্যমূলক ব্যাবহার করেন।
একইভাবে বুধবার সকাল ১০টায় প্রথম বর্ষের ক্লাসে ডাঃ আনোয়ার হোসেন এক ছাত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় শ্রেণীকক্ষে উপস্থিত অন্য শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানালে, আনোয়ার হোসেন তাদের সাথেও দুর্ব্যাবহার করেন।
এঘটনার পর বেলা ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করে আনোয়ার হোসেনকে অবাঞ্চিত ঘোষণা করে। একই সাথে তারা অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবি করে ইনসস্টিটিউটের প্রশাসনিক ভবনসহ সকল শ্রেণী কক্ষের মূল গেট বন্ধ করে দেয়।
এদিকে ইনসস্টিটিউটের অধ্যক্ষ আঃ রহমান বলেন, উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসা হয়েছে, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তের বিষয় জানানো যাবে না।
