জেএমবি শীর্ষ নেতা সিলেটের একটি বাড়িতে ঘেরাও: ডিজি র্যাব হেলিকপ্টারযোগে সিলেটে
নিষিদ্ধ.ঘোষিত ইসলামি জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)’র শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানকে ধরতে সিলেটের শাপলাবাগের একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব।
র্যাব দাবি করেছে, শায়খের সাথে র্যাব সদস্যরা যোগাযোগ রাখছেন এবং বুধবার ভোর পর্যন্ত লাউডস্পীকারে তার সাথে কথা চালিয়ে যান। র্যাব সূত্র জানায়, তারা শায়খ রহমানকে বারবার বাড়ি থেকে বেরিয়ে আসার প্রস্তাব দেয়ার পরও সে আত্মসমর্পণ করছে না।
চলমান জঙ্গি বিরোধী অপারেশনের এ যাবতকালের সর্ববৃহৎ এই সাফল্যের খবর পেয়ে বুধবার ভোর ৫টায় গ্রেফতারকৃতের পরিচয় নিশ্চিত করতে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সিলেট গেছেন র্যাব এর মহাপরিচালক আবদুল আজিজ সরকারসহ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা।
র্যাবের একাধিক সূত্র জানায়, যখন ওই বাড়িটি ঘেরাও করা হয় তখন ভেতর থেকে শায়খ আবদুর রহমান পরিচয়দানকারী ওই ব্যক্তি আত্মঘাতি বোমা হামলার হুমকি দিয়ে বাড়িটি এবং র্যাব সদস্যদের উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। শ্বাসরুদ্ধকর এই অভিযান এখনও চলছে। সিলেটের সব গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘিরে রেখেছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।
সূত্র জানায়, র্যাব-৯ এবং র্যাব হেডকোয়ার্টার এর সদস্যরা যৌথভাবে রাত থেকে সিলেটের শাপলাবাগের ওই বাড়িটি ঘিরে ফেলে। মঙ্গলবার ঢাকায় গ্রেফতারকৃত জেএমবি’র মজলিসে শুরা সদস্য হাফেজ মাহমুদ র্যাব দলের সাথে সিলেট রয়েছে।
র্যাব সদস্যরা ‘সূর্য দীঘল বাড়ি’ (যেখানে শায়খ অবস্থান করছে) থেকে শায়খ এবং তার পরিবারের সদস্যদের বের করে আনার জন্য গ্যাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে বাড়িটির গ্যাস এবং বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। র্যাব জানায়, ওই বাড়ির ভিতরে তারা আপাতত কোন ধরনের অভিযান চালাচ্ছেন না। এই বাড়িটিতে শায়খের স্ত্রী, ছেলেমেয়ে এবং পরিবারের সদস্যরা রয়েছে বলে জানা গেছে।
তবে র্যাব জানায়, প্রয়োজনে হলে তারা বাড়ির ভিতরে কমান্ডো অভিযান চালাবে।
জেএমবি’র শুরা সদস্য হাফেজ মাহমুদকে মঙ্গলবার দুপুরে বায়তুল মোকাররম থেকে গ্রেপ্তার করা হয়।
