২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বার্ড ফ্লু রোধে ও ডিজেল পাচারে বিডিআর সতর্কবস্থায়

বাংলাদেশ রাইফেলসের সদস্যরা (বিডিআর) চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ডিজেল পাচার রোধে এবং বার্ড ফ্লু প্রতিরোধ করতে সর্বোচ্চ সতর্কবস্থায় রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2006, 09:22 AM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বিডিআর সূত্র জানায়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বার্ড ফ্লু ধরা পড়ার পর বাংলাদেশে যাতে এই ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেজন্য বিভিন্ন সীমান্তে বিভিন্ন ধরনের মোবাইল টিম সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

৬-নং বিডিআর কমান্ডার লেফটেনেন্ট কর্ণেল লুৎফর রহমান বিডিনিউজকে জানান, ভারতে বার্ড ফ্লু এইচ৫এন১ ধরা পড়ার পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকাগুলোর চেক পোস্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, বিডিআর সদস্যরা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আসা ডিজেল ভর্তি ট্রাকগুলোতে ডিজেলের পরিমাণ মেপে সেসব ট্রাকের নাম্বার টুকে রাখছে। আবার সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশকৃত ট্রাকগুলোর ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে।

এছাড়া দেশের বিভিন্ন সীমান্ত এলাকাগুলোতে ডিজেল পাচার রোধে চেক পোস্ট বসানো হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলা এবং শিবগঞ্জ উপজেলার পেট্রোল পাম্পে ডিজেল পাচার রোধে বিডিআর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজের দিনাজপুর প্রতিনিধি জানান, বাংলাদেশের কর্তৃপক্ষ বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করলে বিভিন্ন সীমান্ত এলাকা বিশেষ করে হিলি বন্দর দিয়ে এদেশে বার্ড ফু ছড়িয়ে পড়তে পারে।

স্থানীয়রা বলেছেন, ভারতীয় পণ্যবাহী ট্রাক চালকরা বাড়তি লাভের আশায় বাংলাদেশে প্রবেশের সময় মুরগী নিয়ে এসে স্থল বন্দরের শ্রমিকদের মাঝে বিক্রি করছে। মুরগীগুলো বার্ড ফু সংক্রমণে আক্রান্ত কিনা তা জানা যাচ্ছে না।

বিশ্বের বিভিন্ন দেশসহ প্রতিবেশী দেশ ভারতে বার্ড ফু দেখা দেয়ায় সীমান্তবর্তী দিনাজপুরসহ বিভিন্ন এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে।