চট্টগ্রামের কেটিএস গার্মেন্টেসে অগ্নিকাণ্ডে শ্রমিকদের মৃত্যুর প্রতিবাদ জানিয়েছে জাতীয় শ্রমিক লীগ
জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রামের কেটিএস গার্মেন্টেসে অগ্নিকাণ্ডে শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ড ও ভবন ধসে শত শত শ্রমিকের মৃত্যু নতুন কোনও ঘটনা নয়। এ পর্যন্ত সারকা গার্মেন্টস, স্পেকট্রাম দুর্ঘটনা, লুসাকা, ট্রাইবুট, তামান্না, গ্লোব, চৌধুরী নিটওয়্যার, মাইক্রো সোয়েটার, সান নিটিং এবং যমুনাসহ ৩৪ টি কারখানায় অগ্নিকাণ্ডে ৩৮১ জন শ্রমিক নিহত ও এক হাজার ৯৮৫ জন শ্রমিক মারাত্মক আহত হয়।
বক্তারা বলেন, প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে পার পেয়ে যাচ্ছে। এ ব্যাপারে সরকারের ভূমিকাও রহস্যজনক বলে তারা উল্লেখ করেন।
কেটিএস গার্মেন্টসের ঘটনাকে নিছক দুর্ঘটনা নয়, বরং মানবতার বিরুদ্ধে ক্ষমাহীন অপরাধ বলে তারা দাবি করেন এবং এটিকে গণহত্যার শামিল বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তারা বিচার বিভাগীয় তদন্ত এবং দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তারা কারখানা আইন অনুযায়ী গার্মেন্টস কারাখানা নির্মাণ, মৃত ও ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর ত্রাণতহবিল থেকে সাহায্য প্রদান, নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
তারা আইএলও কোর কনভেনশন অনুযায়ী শ্রমিকদের সংগঠিত হয়ে তাদের বিশ্ব স্বীকৃত সকল অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
