তেজগাঁর ফিনিক্স ভবন ধস: আরও ২ টি লাশ উদ্ধার, ১ম লিড
রাজধানী তেজগাঁ শিল্প এলাকায় ফিনিক্স ভবনের ধ্বংসস্তুপের ভিতর থেকে উদ্ধার কর্মীরা সোমবার সকালে আরও দুটি লাশ উদ্ধার করেছে। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২০ এ উন্নীত হল।
তেজগাঁয় শনিবার বহুতল ভবন ধসে কমপক্ষে ২০ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার কর্মীরা সকাল সাড়ে ৮টায় লাশ দুটি উদ্ধার করে।
উদ্ধারকারী দলের প্রধান ৪৬ ব্রিগেডের মেজর নাসের বলেন, একজন অজ্ঞাত ব্যক্তিসহ দুই জনের মৃতদেহ সোমবার সকালে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত দুটি লাশের মধ্যে একজন হুমায়ূন কবীর বলে সনাক্ত করা হয়েছে।
হুমায়ূন কবীরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও এ পর্যন্ত ফিনিক্স ভবনের মালিক দীন মোহাম্মাদকে গ্রেপ্তার করা যায়নি। দীন মোহাম্মদ এবং অভিযুক্ত আরও ছয়জন এখনও প্রভাবশালী মহলের আশীবাদে রয়ে গেছে।
এর আগে তেজগাঁও থানার সাব ইন্সপেক্টর (এসআই) খলিলুর রহমান বাদি হয়ে ফিনিক্স ভবন ধস ট্রাজেডির জন্যে দায়ী ও সিটি ব্যাংকের মালিক দীন মোহাম্মদসহ সাতজনকে দায়ী করে একটি মামলা দায়ের করেন।
মামলায় অন্যান্য অভিযুক্ত হলেন-শোয়েবুর রহমান, এম এ মজিদ, ড. জাহাঙ্গীর আলম, এস এ হাসান, দেলোয়ার হোসেন এবং সিরাজুল ইসলাম।
ক্রিমিনাল প্রসিডিউর কোডের ৩৮২ ধারার আওতায় দায়েরকৃত মামলার বাদি এসআই খলিলুর বলেন, দায়িত্বে অবহেলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে এবং ভবনটির মালিক শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ভবনধসের ঘটনায় অভিযুক্তদের মধ্যে পুলিশ এখন পর্যন্ত ফিনিক্স ম্যানেজার (অর্থ) রেজাউল করিমকে আটক করতে পেরেছে।
