পরিবেশ ও বন মন্ত্রীর আশ্বাসে হরতাল প্রত্যাহার করেছে কাঠ ব্যবসায়ীরা
চলতি সপ্তাহের মধ্যে পার্বত্য চট্টগ্রামের কাঠ পরিবহনে জটিলতা নিরসনে পরিবেশ ও বন মন্ত্রীর আশ্বাসে কাঠ ব্যবসায়ী সংগ্রাম পরিষদ সোমবারের হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে।
পার্বত্য চট্টগ্রামের বনজ দ্রব্য সংরক্ষণের ব্যাপারে রোববার দুপুরে সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রী তরিকুল ইসলামের সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রামের কাঠ ব্যবসায়ী ও ঊর্ধ্বতন সরকারি বন কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
পার্বত্য চট্টগ্রামের কাঠ ব্যবসার জটিলতা নিরসনের দাবিতে যৌথ মালিক ও কাঠ ব্যবসায়ী সংগ্রাম পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচির প্রথমদিন রোববার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল কর্মসূচিতে জেলার সর্বত্র দোকান পাট, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ রিক্সা, সাইকেল ও সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল।
রোববার বিকেল ৫ টায় খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সোমবার হরতাল প্রত্যাহারের ঘোষণা শহরে মাইকিং করা হয়।
