দেশে এতিম ও প্রতিবন্ধী শিশুদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৪৮ কোটি টাকা ব্যয়ে দেশের ছয়টি বিভাগে এতিম ও প্রতিবন্ধী শিশুদের জন্য ছয়টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তথ্যবিবরণীতে জানানো হয়, প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় উৎপাদন কর্মকাণ্ডে দেশের এতিম ও প্রতিবন্ধীদের অধিক হারে সম্পৃক্তকরণের সুযোগ সৃষ্টি হবে। দেশের অবহেলিত, পশ্চাৎপদ জনগোষ্ঠীর জীবনমান ও আর্থ-সামাজিক উন্নয়নে প্রকল্পটি উল্লেখযোগ্য অবদান রাখবে। ২২ ফেব্রুয়ারি প্রকল্পটি একনেক কর্তৃক অনুমোদিত হয়।
সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় রোববার এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, চালু সরকারি শিশু সদনসমূহকে শিশু পরিবারে রূপান্তর (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ৪৩টি কেন্দ্রের নির্মাণ কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। বর্তমানে ১৭টি কেন্দ্রের নির্মাণ কাজ চলছে। ১৫৮ কোটি ২৮ লাখ টাকারও অধিক ব্যয় সাপেক্ষ প্রকল্পটির কাজ ১৯৯৪ সাল থেকে শুরু হয়েছে। প্রকল্পের শুরু হতে জানুয়ারি ’০৬ পর্যন্ত প্রকল্পটির ১৪১ কোটির অধিক টাকার আর্থিক অগ্রগতি ও ৯৮% বাস্তব অগ্রগতি সাধিত হয়েছে।
সাড়ে ৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ শহর সমাজসেবা উন্নয়ন ও সম্প্রসারণ (২য় পর্যায়) প্রকল্পের শুরু হতে জানুয়ারি ’০৬ পর্যন্ত ছয় কোটি ৯৫ লাখ টাকারও অধিক আর্থিক অগ্রগতি ও ৭৪% বাস্তব অগ্রগতি সাধিত হয়েছে। পাঁচ কোটি টাকা ব্যয় সাপেক্ষ দগ্ধজনিত কারণে ক্ষতিগ্রস্ত ও দুস্থ ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রকল্পের শুরু হতে জানুয়ারি ’০৬ পর্যন্ত তিন কোটি ৩৭ লাখ টাকা আর্থিক ও ৬৮.৩২% বাস্তব অগ্রগতি সাধিত হয়েছে বলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকবৃন্দ জানান।
সভায় জানানো হয়, মন্ত্রণালয়ের রাজস্ব বাজেট হতে অর্থায়নকৃত মোট সাতটি উন্নয়ন কর্মসূচি বর্তমানে বাস্তবায়িত হচ্ছে। তন্মধ্যে ৩টি সরকারি ও ৪টি সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের প্রকল্প। কর্মসূচিগুলো হলো সম্প্রসারিত পল্লী সমাজকর্ম (পর্ব-৬), হেফাজতী শিশু-কিশোরদের জন্য সংশোধনী প্রতিষ্ঠানসমূহ সম্প্রসারণ, উন্নয়ন ও নির্মাণ, দিনাজপুর বধির ইন্সটিটিউট স্থাপন, দিনাজপুর গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল সম্প্রসারণ ও আধুনিকীকরণ, ঝিনাইদহে মুক ও বধির আবাসিক স্কুল স্থাপন, যশোরে শিশু হাসপাতাল নির্মাণ এবং ঢাকায় আহ্ছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নির্মাণে সহায়তা দান।
সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কাজী মনোয়ারুল হক, যুগ্ম সচিব মোঃ আব্দুল করিম ও এস এম এ মান্নান, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক হাফিজুল ইসলাম মিয়া, প্রকল্প পরিচালকবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
