২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের ব্যর্থতা তুলে ধরায় সংবাদ মাধ্যমগুলো ব্যাপক চাপের মুখে

বিগত বছরগুলো ধরে জ্বালানি তেল, সার ও বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় সরকারি ব্যর্থতাকে প্রচার মাধ্যমগুলো জনগণের সামনে তুলে ধরায় ক্ষমতাসীন বিএনপি ও চারদলীয় জোট সরকারের মন্ত্রীরা সংবাদ মাধ্যমগুলোর কঠোর সমালোচনা করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 07:22 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বিগত চার বছর ধরে পত্র-পত্রিকা, বেতার-টেলিভিশন দেশে বিদ্যমান জ্বালানি তেল, সার ও বিদ্যুৎ সঙ্কট, নিত্যব্যবহার্য সামগ্রির দাম বৃদ্ধি, হাজিদের ফ্লাইট বিড়ম্বনা, সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং বিশেষ করে দেশে জঙ্গিবাদের উত্থানের উপর ব্যাপক প্রতিবেদন প্রকাশ করে। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রীরা সঙ্কট দুর করার চেষ্টা না করে প্রচার মাধমের দায়িত্বপালনকে দেশের মানুষকে বিভ্রান্তিতে ফেলার জন্য ‘তথ্য সন্ত্রাস’ নামে আখ্যা দিচ্ছেন।

গণমাধ্যম গুলোর সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ ও বিশেষজ্ঞরা বলেছেন দেশের এই সঙ্কটময় মূহুর্তে সংবাদমাধ্যমের উপর মন্ত্রীদের আক্রোশের অর্থ হলো যে তারা সঙ্কট নিরসনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, সংবাদ মাধ্যমগুলো দেশের সত্যিকার অবস্থা তুলে ধরতে সচেষ্ট কিন্তু সরকার যখন বলে যে, দেশের সব সঙ্কটই এসব মাধমের তৈরি তখন আসলে তারা নিজেদের ব্যর্থতাকে সংবাদমাধমের উপর চাপিয়ে দিতে চাইছে। তিনি বলেন, নিজেদের ব্যর্থতা প্রচার মাধমের উপর চাপিয়ে দেয়াটা সরকারের একটি পুরোনো কৌশল মাত্র। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় সংসদের অধিবেশনে প্রচার মাধ্যমগুলোর ব্যাপক সমালোচনা করেছেন।

জ্বালানি সঙ্কটের ব্যাপারে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সাম্প্রতিক বক্তব্য, বিদ্যুৎ সঙ্কটের উপর ইকবাল হাসান মাহমুদের বক্তব্য, বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সার সঙ্কট সংক্রান্ত বক্তব্য, দৈনন্দিন জিনিস পত্রের উপর দাম বৃদ্ধির উপর প্রাক্তন বাণিজ্য মন্ত্রীর বক্তব্য, হজ্ব যাত্রীদের ফ্লাইট বিড়ম্বনা সংক্রান্ত প্রাক্তন বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সংখ্যালঘু নির্যাতন ও জঙ্গিবাদের উত্থান সংক্রান্ত বক্তব্যে উল্লেখিত সকল সঙ্কটকে প্রচার মাধ্যমের তৈরি বলে উল্লেখ করা হয়েছে।

‘কিন্তু প্রকৃত অবস্থা আসলেই ভিন্ন। যখনই সরকারের অগণতান্ত্রিক পন্থাকে পত্র-পত্রিকায় প্রকাশ করা হয় তখনই সরকার মিডিয়ার পিছনে লেগে পড়ে। কিন্তু আমি মনে করি প্রচার মাধ্যমগুলো তাদের যথাযথ দায়িত্ব পালন করছে’ বাংলাদেশ অবজারভার’র সম্পাদক ইকবাল সেবহান চৌধুরী একথা বলেন।

তিনি আরও বলেন, সংবাদ মাধ্যমগুলো থেকে বিরোধী দল যখনই কোন ইস্যু বেছে নিয়ে সরকার বিরোধী আন্দোলনে নেমে পড়ে তখনই সরকার এ মাধ্যমগুলোকে তাদের শত্রু মনে করে। তবে যাই হোক প্রচার মাধ্যমগুলো তাদের কর্তব্য পালনে সকল বাধাকে অতিক্রম করবে।

প্রবীন সাংবাদিক এবিএম মুসা বলেন, প্রচার মধ্যমগুলো যদি ততটাই শক্তিশালী হতো তাহলে বর্তমান সরকার এতোদিন ক্ষমতায় থাকতে পারতো না। মন্ত্রীরা যদি মনে করে থাকেন, যে দেশের সকল সঙ্কটই প্রচার মাধ্যমগুলোর তৈরি তাহলে তাদের উত্তেজিত হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু তারা প্রকাশ মাধ্যমের কঠোর সমালোচনা করে এই কথাই প্রমান করছেন যে দেশের সকল সঙ্কটের জন্য তারাই দায়ী।